ফেনীর পুরোনো কারাগারে আইসোলেশন সেন্টার উদ্বোধন

আপডেট : ২৩ মে ২০২১, ০২:৫৪ পিএম

ফেনীর পুরোনো কারাগারে করোনা রোগীদের জন্য আইসোলেশন সেন্টার হিসেবে চালু করা হয়েছে।

রবিবার দুপুরে ৪৫ শয্যার আইসোলেশন সেন্টারটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন।

উদ্বোধনকালে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) নিজাম উদ্দিন হাজারী।

এ সময় কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক ফজলুল হক, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, পুলিশ সুপার খোন্দকার নুর ন্নবী, সিভিল সার্জন ডা. রফিক উস সালেহীন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা বিএমএর সভাপতি ডা. সাহেদুল ইসলাম ভূঞা কাউসার উপস্থিত ছিলেন।

ফেনী কারাগারের জেলার শাহাদাত হোসেন জানান, পুরোনো এই জেলা কারাগারে মোট ৪৫ শয্যার আইসোলেশন সেন্টারের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে ৫ শয্যা নারীদের জন্য নির্ধারিত রয়েছে।

জেল সুপার আনোয়ারুল করিম জানান, ফেনী কারাগারকে স্থানান্তর করে শহরতলীর রাণীর হাটে নেওয়া হয়। সেই সুবাদে খালি পড়ে থাকা শহরের জেল রোডের পুরোনো কারাগারের ৪তলা ভবনকে আইসোলেশন সেন্টারে পরিণত করা হয়েছে।

তিনি বলেন, এ আইসোলেশন সেন্টারে চট্টগ্রাম বিভাগের কারাগারগুলোতে করোনা আক্রান্তদের চিকিৎসা দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত