বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে নিজেদের বাকি থাকা তিন ম্যাচের জন্য ২৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে রয়েছেন ফিনল্যান্ডপ্রবাসী তারিক রায়হান কাজী।
এর আগে গত বছর ঢাকায় নেপালের বিপক্ষে মুজিব শতবর্ষ সিরিজ ও কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের জন্য জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন তারিক। কিন্তু চোটের কারণে ক্যাম্প থেকে ছিটকে যান বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডার।
২৮ সদস্যের প্রাথমিক দল থেকে বাদ পড়া ডিফেন্ডার রেজাউল করিম নেই পাসপোর্ট জটিলতায়। অনেক দিন পর প্রাথমিক দলে ডাক পেলেও তাই হতাশা সঙ্গী তার।
অন্যরা চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন। চোট থেকে সেরে না ওঠায় ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষণ ক্যাম্পেই যোগ দিতে পারেননি। পরে ছিটকে যান গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা ও ফরোয়ার্ড সাদ উদ্দিন।
রানার পরিবর্তে প্রাথমিক দলে ডাক পাওয়া গোলরক্ষক রাসেল মাহমুদ টিকে গেছেন চূড়ান্ত দলে।
চূড়ান্ত দলে রাখা হয়েছে করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকা মোহাম্মদ ইব্রাহিমকেও। আরেকটি করোনা পরীক্ষায় নেগেটিভ হলে ২৮ মে সরাসরি কাতার যাবেন তিনি।
আর বাংলাদেশ দল সোমবার সৌদি আরব রওনা দেবে। সেখানে স্থানীয় ক্লাবের সঙ্গে একটি বা দুটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাফুফে। সেখান থেকে ৩০ মে কাতার যাবে বাংলাদেশ দল।
সূচি অনুযায়ী ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে খেলার কথা জামাল ভূঁইয়াদের। সবগুলো ম্যাচই হবে কাতারে।
বাংলাদেশের চূড়ান্ত দল
গোলরক্ষক: আনিসুর রহমান, শহীদুল আলম ও রাসেল মাহমুদ।
ডিফেন্ডার: তপু বর্মণ, তারিক কাজী, রিয়াদুল হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, রিমন হোসেন, মোহাম্মদ ইমন, মেহেদী হাসান, হাবিবুর রহমান।
মিডফিল্ডার: বিপলু আহমেদ, মাসুক মিয়া, সোহেল রানা, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন ও মোহাম্মদ আবদুল্লাহ।
ফরোয়ার্ড: মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সুমন রেজা, মেহেদি হাসান রয়েল, মোহাম্মদ ইব্রাহিম ও মোহাম্মদ জুয়েল।
