শাহজাদপুরে নিখোঁজ যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট : ২৩ মে ২০২১, ১১:৫০ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চর বেলতৈল পশ্চিমপাড়ার ধানক্ষেত থেকে নিখোঁজের চার দিন পর গতকাল রবিবার দুপুরে আবদুর রহমান (৩৮) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত শামছুল প্রামাণিকের ছেলে।

পরিবারের দাবি, গত ১৯ মে বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ আবদুর রহমানকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করে। এরপর লাশের পরিচয় গোপন করতে তার মুখম-ল ও শরীরের বিভিন্ন অংশ এসিড দিয়ে পুড়িয়ে লাশ ধানক্ষেতে ফেলে রাখা হয়।

পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আবদুর রহমানের চাচাতো তিন ভাইকে আটক করেছে। এরা হলেন, ওই গ্রামের মৃত বাহাদুর প্রামাণিকের ছেলে আবুল কালাম (৪৫), আবদুস সালাম (৫০) ও শহিদুল প্রামাণিকের ছেলে মনিরুজ্জামান (৪০)।

এ বিষয়ে নিহতের ভাতিজা বাঁধন প্রামাণিক (২০) জানান, নিখোঁজের ঘটনায় পরদিন বৃহস্পতিবার রাতে শাহজাদপুর থানায় একটি জিডি করা হয়। গতকাল রবিবার সকালে কৃষকরা ধান কাটতে মাঠে যাওয়ার সময় একটি ধানক্ষেতের পাশে অর্ধগলিত লাশটি পড়ে থাকতে দেখে খবর দেয়। পরিবারের সদস্যরা সেন্ডেল, লুঙ্গি ও গেঞ্জি দেখে লাশটি আবদুর রহমানের বলে শনাক্ত করে।

বাঁধন প্রামাণিক আরও বলেন, ‘পুলিশের হাতে আটক ব্যক্তিরা মাসখানেক আগে জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে তার চাচা আবদুর রহমানকে হত্যার পর লাশ এসিড দিয়ে পুড়িয়ে ফেলার হুমকি দেয়।’

শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, সন্দেহভাজন তিনজনকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। হত্যা রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত