করোনা মহামারি পরিস্থিতিতে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ বজায় রাখার জন্য ১০,০০০ লিটার অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া হাসপাতালটি ৯০০ থেকে ২০০০ বেডে উন্নীতকরণেরও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সভাপতিত্বে সোমবার ভার্চুয়ালি অনুষ্ঠিত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ৬ষ্ঠ সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সিলেটের শাহী ঈদগাহ সংলগ্ন সংক্রামক ব্যাধি হাসপাতাল চত্বরে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২য় ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তর স্থান পরিদর্শন করে ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে জানানো হয়।
এছাড়া, হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহারকে উৎসাহিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৭টি অ্যাম্বুলেন্স রয়েছে। বেসরকারি অ্যাম্বুলেন্সের তুলনায় এ হাসপাতালের অ্যাম্বুলেন্সের খরচ অনেক কম। এ ছাড়া হাসপাতাল চত্বরে একই সঙ্গে ৫টির বেশি বেসরকারি অ্যাম্বুলেন্স না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, সিলেট বিশ্ববিদ্যালয়ের ১২০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণের বিষয় প্রক্রিয়াধীন আছে।
সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য সেলিনা মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক এবং এ ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব।
