বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

আপডেট : ২৪ মে ২০২১, ০৬:২৪ পিএম

ক্যাম্পাসহ দেশের বিভিন্ন স্থানে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তারা অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে না দিলে আন্দোলনের হুঁশিয়ারি দেন। করোনা সংক্রমণের প্রতিরোধে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান।

আমাদের জাবি প্রতিনিধি জানান, স্বাস্থ্যবিধি মেনে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন হয়।

শিক্ষার্থীরা বলেন, অনলাইন ক্লাস খুব একটা ফলপ্রসূ হচ্ছে না। ল্যাবরেটরির ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় আমরা পিছিয়ে পড়ছি। দেশের সব স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে কেন?

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার  দাবিতে  মানববন্ধন  করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  বরিশালের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

গোপালগঞ্জ প্রতি‌নি‌ধি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অবিলম্বে খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সোমবার দুপু‌রে বিশ্ববিদ্যালয়ের সামনে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে বশেমুরবিপ্রবির উপাচার্য ড. একিউএম মাহবুব বলেন,শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন করার অধিকার রয়েছে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ না এলে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হতো। তবে আশা করছি সরকার দ্রুতই শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার উদ্যোগ গ্রহণ করবে।

ইবি প্রতিনিধি জানান, স্বাস্থ্যবিধি মেনে দ্রুত সময়ের মধ্যে আবাসিক হল ও ক্যাম্পাস খুলে দিয়ে শিক্ষা-কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে আন্দোলনে নেমেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এ উপলক্ষে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসস্থ প্রশাসন ভবন চত্বরে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন তারা। মানববন্ধন থেকে তিন দফা দাবি পেশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

দাবিগুলো হলো দ্রুত হল-ক্যাম্পাস খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে হবে; বিভিন্ন বিভাগের স্থগিত হওয়া পরীক্ষা দ্রুত নিতে হবে, শিক্ষার্থীদের দ্রুত ভ্যাকসিনের আওতায় আনতে হবে এবং ভ্যাকসিন কার্যক্রমের দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিতে হবে।

দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে আন্দোলনকারীরা বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দেড় বছর জীবন থেকে হারিয়ে গেল। আমরা আর অনিশ্চিত যাত্রায় থাকতে চাই না।

চৌরাস্তা মোড়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করে বিভিন্ন বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ঠাকুরগাঁও প্রতিনিধি জানান,  স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান চালুর দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের  ছাত্রছাত্রীরা।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জড়ো হন তারা। সেখান থেকে শিক্ষার্থীরা বের হয়ে  শহরের চৌরাস্তা গিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিনহাজুল হক রুমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমদাদুল হক, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাব্বির হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাজমিন আক্তার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিনারা আক্তার, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালাউদ্দিন প্রমুখ।

প্রসঙ্গত, কয়েকবার শিক্ষাপ্রতিষ্ঠান ও হল খোলার ঘোষণা এলেও লকডাউন বাড়ানোর পর তা আর কার্যকর হয়নি। কয়েকমাস আগে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। বাধ্য হয়ে শিক্ষামন্ত্রী জরুরি সিন্ধান্ত নিয়ে আবাসিক হল ও ক্যাম্পাস খোলার সম্ভাব্য তারিখ ঘোষণা করেন। পরে আবার লকডাউন ঘোষণায় তা অনিশ্চিত হয়ে পড়ে। এরই মধ্যে ঈদুল ফিতর এসে গেলে আন্দোলন কিছুটা স্তিমিত হয়ে যায়। ঈদের ছুটি কাটিয়ে পুনরায় সারাদেশে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত