বিবৃতিতে ফখরুল

উপকূলীয় জনগণকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিন

আপডেট : ২৬ মে ২০২১, ০২:১৬ এএম

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ থেকে উপকূলীয় জনগণকে রক্ষায় তাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে ওইসব এলাকার জনগণকে নিরাপদ আশ্রয়ে সরে আসার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিএনপির সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘আবহাওয়াবিদরা যদিও বলেছেন ঘূর্ণিঝড় “ইয়াস” গতিপথ পরিবর্তন করে ভারতের দিকে অগ্রসর হচ্ছে, তবে এর প্রভাব বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, ভোলাসহ অন্যান্য এলাকায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস হতে পারে। এতে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।’

বিবৃতিতে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিজেদের নিরাপত্তা বজায় রেখে জনগণের সহযোগিতায় এগিয়ে আসারও আহ্বান জানান বিএনপি মহাসচিব।

এদিকে যুবদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু ও ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা আমাদের সংগঠনের নেতাদের উপকূলীয় জনগণের পাশে দাঁড়াতে নির্দেশনা দিয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত