টেস্ট বোলার হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু তার। সেখান থেকে ধীরে ধীরে সাদা বলেও নিজের জায়গাটা পাকা করেছেন। এমনকি ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে এখন দুই নম্বরে অবস্থান মেহেদী হাসান মিরাজের। নিজের এই সাফল্যে দারুণ খুশি এই অফ স্পিনার। র্যাঙ্কিংয়ে দুইয়ে ওঠার অনুভূতি প্রকাশ করতে গিয়ে যিনি বলছেন, ‘কখনো ভাবিনি ওয়ানডে র্যাঙ্কিংয়ে দুইয়ে আসব।’
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ খেলছেন মিরাজ। প্রথম দুই ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। তাতেই বুধবার প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে পাঁচে থেকে উঠে এসেছেন দুইয়ে।
বাংলাদেশের মাত্র তৃতীয় বোলার হিসেবে ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা দুইয়ে জায়গা পেলেন মিরাজ। এর আগে যে নজির গড়তে পেরেছিলেন সাকিব আল হাসান ও আবদুর রাজ্জাক।
মিরাজ এমন অর্জনের অনুভূতি প্রকাশ করলেন এভাবে, ‘আলহামদুলিল্লাহ! র্যাঙ্কিংয়ে দুই নম্বরে আসতে পেরে খুব ভালো লাগছে। আমি কখনো ভাবিনি ওয়ানডে ক্রিকেটের র্যাঙ্কিংয়ে দুই নম্বরে আসব।’
টেস্ট বোলার হিসেবে শুরু করে ওয়ানডেতেও সাফল্যের পেছনের গল্প বলেছেন মিরাজ। তার কথায়, ‘আমি যখন টেস্ট খেলা শুরু করেছিলাম, তখন কিন্তু আমি টেস্ট বোলারই ছিলাম। তবে আমার সব সংস্করণে সফল হওয়ার ইচ্ছা ছিল। ওয়ানডে ক্রিকেট শুরু করার সময় শুধু ভাবতাম, কীভাবে দলের জয়ে অবদান রাখা যায়। আমার মনোযোগ ছিল কম রান দেওয়ায়। তাহলে আমার দলে থাকার সম্ভাবনা বাড়বে এবং অবস্থা অনুযায়ী যদি উইকেট নিতে পারি, তাহলে আমার জন্য ভালো হবে।’
