মালয়েশিয়াকে দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। এ সম্পর্ক বাড়ানোর অনেক সুযোগ রয়েছে, যা কাজে লাগাতে হবে। এফটিএর মতো বাণিজ্য চুক্তি সইয়ের মাধ্যমে বাংলাদেশ বিভিন্ন দেশের সঙ্গে টেকসই বাণিজ্য সুবিধা সৃষ্টির চেষ্টা করছে। মালয়েশিয়ার সঙ্গে এফটিএ স্বাক্ষরে কাজ করছে বাংলাদেশ।
গতকাল বুধবার বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) আয়োজিত ‘বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ : চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটি’ শীর্ষক ভার্চুয়াল সভায় তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ এগিয়ে চলছে। অনেকগুলোর কাজ এখন চূড়ান্ত পর্যায়ে। পৃথিবীর অনেক দেশ এ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য এগিয়ে এসেছে। মালয়েশিয়া এখানে বিনিয়োগ করলে লাভবান হবে। বাংলাদেশে বিনিয়োগের নীতিমালা সহজ করা হয়েছে। বিনিয়োগের ক্ষেত্রে আকর্ষণীয় সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন আকর্ষণীয় স্থান বলে জানান তিনি।
টিপু মুনশি বলেন, প্রতিযোগিতামূলক বিশ্ববাণিজ্যে এগিয়ে যেতে বাংলাদেশ বাণিজ্য সহজীকরণে পদক্ষেপ নিয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্যবসা-বাণিজ্যের সুযোগ সৃষ্টিতে কাজ চলছে। ১৯৭৭ সালে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার বাইলেটারেল ট্রেড এগ্রিমেন্ট, ১৯৮৩ সালে মেরিটাইম ট্রান্সপোর্ট এগ্রিমেন্ট, ১৯৯২ সালে ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন এগ্রিমেন্ট এবং ১৯৯৪ সালে অ্যাভোয়েডেন্স অব ডাবল ট্যাক্সেশন এগ্রিমেন্টে সই করে।
বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) প্রেসিডেন্ট রাকিব মোহাম্মদ ফখরুলের সভাপতিত্ব এবং সঞ্চালনায় আলোচনা সভায় কি-নোট উপস্থাপন করেন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সদস্য ড. মোস্তফা আবীদ খান। আলোচনা সভায় গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার হাজনাহ মো. হাসিম। বক্তব্য রাখেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারওয়ার।
আলোচনায় আরও অংশ নেন বিএমসিসিআইর বিদায়ী প্রেসিডেন্ট এবং এফবিসিসিআই পরিচালক সৈয়দ মোয়াজ্জেম হোসেন, স্ট্যান্ডার্ড মালয়েশিয়ার সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক আবরার আনোয়ার, এসভিসি ঝিলমিল রেসিডেনশিয়াল বিডি লিমিটেডের চেয়ারপারসন ড. সাবরিনা।
