ফরিদপুরে পদ্মার ভাঙনে হুমকির মুখে কয়েক গ্রাম

আপডেট : ২৭ মে ২০২১, ০৩:১২ পিএম

হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় ফরিদপুরে পদ্মা নদীর পাড়ের কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে শহরতলীর গোলডাঙ্গি ও ডিগ্রির চর এলাকার পদ্মার একশত মিটার অংশ ভেঙে পড়েছে।

এর ফলে হুমকির মুখে পড়েছে ব্রিজসহ কয়েকটি গ্রাম। ভাঙন আতঙ্কে সদর উপজেলার দুই ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছেন জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই ভাঙনের বিষয়ে স্থানীয়রা অভিযোগ করে বলেছেন, বালুখেকোদের অপরিকল্পিতভাবে বালু তোলায় এমনটি হয়েছে।

ফরিদপুরের সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তকুজ্জামান জানান, গত দুদিনে হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় জেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ছোট আলী বিশ্বাসের ডাঙ্গি, বাসির মোল্লার ডাঙ্গি, কাইমুদ্দিন মাতুব্বরের ডাঙ্গি, শুকুর আলী বিশ্বাসের ডাঙ্গিতে নদী ভাঙন দেখা দিয়েছে।

এছাড়াও নর্থ চ্যানেল ও ডিগ্রির চর ইউনিয়নের সীমান্ত গোলডাঙ্গা ব্রিজ এলাকায় একশত মিটার নদীর গর্ভে চলে গেছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। এই ভাঙন রোধ করতে না পারলে কয়েক হাজার মানুষের ঘরবাড়ি, ফসলি জমি ক্ষতির সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, দ্রুতই পদ্মার এ অংশের ভাঙন রোধে কাজ শুরু করার জন্য চেষ্টা করা হবে। 

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, আমি সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। ভাঙন রোধে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত