দুটি রেকর্ড থেকে ১ উইকেট দূরে সাকিব

আপডেট : ২৮ মে ২০২১, ০৪:১৬ এএম

আর মাত্র ১ উইকেট নিলেই এককভাবে দুটি রেকর্ডের মালিক হবেন সাকিব আল হাসান। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারি হতে আর মাত্র ১টি উইকেট প্রয়োজন সাকিবের। বর্তমানে সাবেক সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার সমান ২৬৯ উইকেট রয়েছে সাকিবের নামের পাশে। আর ১টি উইকেট শিকার করলেই বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারি হবেন সাকিব। মাশরাফী ২১১টি ও সাকিব ২১৮টি ম্যাচ খেলেছেন।

এ ছাড়া এক ভেন্যুতে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক হবার সুযোগ সাকিবের সামনে। সেটি করতে পারলে, পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামকে ছাপিয়ে যাবেন সাকিব। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৭৭ ম্যাচে ১২২ উইকেট নিয়েছেন আকরাম। আর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৮৪ ম্যাচে ১২২ উইকেট রয়েছে সাকিবের। তাই আকরামকে টপকে যেতে ১ উইকেট প্রয়োজন সাকিবের।

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে ৩ উইকেট নিয়েছেন সাকিব। শুক্রবার তৃতীয় ও শেষ ম্যাচে ১ উইকেট নিতে পারলেই নতুন দুটি রেকর্ডের মালিক হবেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত