বিশ্বের দ্বিতীয় উচ্চতম ভবন হচ্ছে রাশিয়ায়

আপডেট : ২৮ মে ২০২১, ০৩:২৪ পিএম

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে তৈরি হতে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় উচ্চতম ভবন। সম্প্রতি এ সম্পর্কিত পরিকল্পনা প্রকাশ করেছেন একটি স্কটিশ স্থাপত্য প্রতিষ্ঠান।

দুবাইয়ে অবস্থিত সবচেয়ে উঁচু ভবন ‍বুর্জ খলিফার দৈর্ঘ্য ৮২৮ মিটার। আর স্থাপত্য প্রতিষ্ঠান কেটল কালেকটিভ ঘোষিত দ্বিতীয় উচ্চতম ভবন লাখতা সেন্টার টু হবে ৭০৩ মিটার।

বর্তমানে বুর্জ খলিফার পরের অবস্থানে রয়েছে চীনের সাংহাই টাওয়ার, যার দৈর্ঘ্য ৬৩২ মিটার।

সেন্ট পিটার্সবার্গের মূল লাখতা সেন্টারের পাশে হবে নতুন ভবনটি। পুরোনো ভবনটির উচ্চতা ৪৬২ মিটার, যা ইউরোপের সবচেয়ে উঁচু ভবন। এটি এনার্জি কোম্পানি গাজপ্রমের সদর দপ্তর।

লাখতা সেন্টার টু’র নকশায় নেতৃত্ব দিচ্ছেন টনি কেটল, যিনি আরএমজেএম নামের প্রতিষ্ঠানের হয়ে পুরোনো ভবনটির নকশাও করেন।

কেটল বলেন, বিশ্বজুড়ে বহুতল ভবনের ক্ষেত্রে টেকসই নকশার উদাহরণ হবে নতুন লাখতা সেন্টার।  এর নকশা খুবই নান্দনিক, আর জ্বালানি সাশ্রয়ে গুরুত্ব দেওয়া হবে।

নতুন এ ভবনে ১৫০টি তলা থাকবে। অফিস, বাসস্থান ও বিনোদনের উপকরণের থাকবে এখানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত