বরখাস্ত পিরলো, জুভেন্টাসে ফিরতে পারেন সারি বা অ্যালেগ্রি

আপডেট : ২৮ মে ২০২১, ০৪:৪৫ পিএম

কোচ হিসেবে মাত্র এক মৌসুম তুরিনে থাকতে পারলেন আন্দ্রে পিরলো। ৪২ বছর বয়সী ইতালিয়ান কোচকে বরখাস্ত করেছে জুভেন্টাস।

গত দুই দিন ধরে পিরলো ছাঁটাই হতে পারেন, এমন গুঞ্জন চলছিল ইউরোপের ফুটবলে। এবার সেই গুঞ্জনই সত্যি হলো। পিরলোর জায়গায় কোচ মাউরিজিও সারিকে ফেরাতে পারে জুভেন্টাস। এই ইতালিয়ান কোচকেও গত বছর বরখাস্ত করেছিল ইতালিয়ান ক্লাবটি। আশা করা হচ্ছে, দ্বিতীয় মেয়াদে তুরিনে ফিরতে পারেন কোচ সারি।

পিরলোর অধীনে সিরি’আর শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয় জুভরা। এমনকি আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলার শঙ্কাও পেয়ে বসেছিল তাদের। শেষ পর্যন্ত জুভরা সদ্য সমাপ্ত মৌসুম শেষ করেছে তালিকার চারে থেকে। আর ২০১২ সালের পর প্রথমবার সিরি’আ জিততে ব্যর্থ হলো জুভেন্টাস।

অন্যদিকে কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে ফেরাতে পারে জুভেন্টাস, কয়েক দিন ধরে এমন গুঞ্জনও চলছে। ২০১৪-১৯ মৌসুম পর্যন্ত জুভদের কোচ ছিলেন ৫৩ বছর বয়সী ইতালিয়ান। তার অধীনে জুভরা পাঁচটি লিগ শিরোপা এবং দুইবার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেছে। তবে বর্তমানে তিনি চাকরিহীন অবস্থায় আছেন।

পিরলো খেলোয়াড়ি জীবনে ২০১১-১৫ মৌসুম পর্যন্ত ১৬৪ ম্যাচ খেলেছেন জুভদের হয়ে। জিতেছেন চারটি সিরি’আ। তার আগে তিনি খেলেছেন এসি মিলানের হয়ে। ক্যারিয়ারের অধিকাংশ সময় তিনি সান সিরোতে কাটিয়েছেন। মিলানের হয়ে জিতেছেন দুটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি লিগ শিরোপা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত