নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের (ভকেশনাল) উন্মুক্ত খেলার মাঠটি বিলীন করে সেখানে বহুতল ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সাধারণ মানুষ ভবন নির্মাণকাজের বিরোধীতাসহ ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয়দের মতে খেলার মাঠটি বিনষ্ট না করে পরিত্যক্ত ভবনের স্থানে বা পরিত্যক্ত জমিতে ভবন নির্মাণ করা সম্ভব ছিল। এটা না করে তারা মাঠ কাটার মতো আত্মঘাতী সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে, তা আমাদের কারও বোধগম্য নয়।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রকল্পের অর্থায়নে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডের পাঠানটুলি এলাকায় ৫ তলা একাডেমি-কাম-ওয়ার্কশপ ভবন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (ভকেশনাল) কর্তৃপক্ষ।
সরেজমিনে গিয়ে জানা যায়, ভবনটি নির্মাণ হচ্ছে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে। ভবনটি দৈর্ঘ্য ২১৫ এর প্রস্থ ৫২ ফিট। প্রায় ৬.৫০ একর জমির ওপর ১৯৮৪ সালে এ শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়ে উঠে। বর্তমানে মোট শিক্ষার্থী ১২০০ জন।
শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ, যেখানে পরিত্যক্ত ভবন ও জমি পরে আছে সে জমি ব্যবহার না করে কেন কর্তৃপক্ষ শিক্ষার্থীদের খেলার মাঠটি বিলীন করে নির্মাণকাজ করছে, তা আমরা বুঝতে পারছি না। যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা স্কুল প্রতিষ্ঠানে খেলার মাঠ রাখার, সেখানে খেলাধুলার জন্য ব্যবহৃত মাঠ বিলুপ্ত করে দেওয়া হচ্ছে। আমরা চাই মাঠ ঠিক রেখে প্রকল্পের কাজ পরিত্যক্ত স্থানে করা হোক।
এ ব্যাপারে প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী সেলিম মৃধার সঙ্গে কথা বললে তিনি জানান, আমি এ বছরের মার্চে যোগদান করেছি। আগেই এ প্রকল্পের কাজের অনুমোদন হওয়ায় আমি তাদের সিদ্ধান্তের ব্যাপারে কিছু বলতে পারব না, তবে আমি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য খেলার মাঠও দরকার বলে মনে করি।
