বকেয়া বেতন ও জমা (ফান্ডের) টাকা পরিশোধের দাবিতে সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়কে অবস্থান নেন কুনতং অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক। এতে বন্ধ হয়ে যায় নারায়ণগঞ্জ-শিমরাইল সড়কে যান চলাচল। সৃষ্টি হয় তীব্র যানজটের এবং ভোগান্তিতে পড়েন সড়কে চলাচলকারীরা।
শ্রমিকদের অভিযোগ, কারখানাটি গত ১০ আগস্ট দুদিনের ছুটি ঘোষণা করে। এরপর থেকে আর চালু হয়নি। পরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। কিন্তু কারখানাটিতে কর্মরত ৬ হাজার ৮০০ শ্রমিকের বকেয়া বেতন ও জমা টাকা পরিশোধ করা হয়নি। পরে আন্দোলনের চাপে মালিকপক্ষ শ্রমিকদের ৫ হাজার টাকা করে দেয়। বাকি বেতন ও জমা টাকা দিচ্ছে না। আদমজী ইপিজেডের জিএম আহসান কবির জানান, কুনতং অ্যাপারেলস লিমিটেডের মালিকপক্ষ আগামী ১২ জুন টাকা পরিশোধের আশ্বাস দিয়েছে।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪-এর পরিচালক এসপি সাখাওয়াত হোসেন বলেন, বকেয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন শ্রমিকরা। তবে কোনো বিশৃঙ্খলা হয়নি।
