২০২১ ফ্রেঞ্চ ওপেন শুরু হচ্ছে আজ থেকে। ক্লে-কোর্টের লড়াইয়ে আজ থেকে শুরু প্রথম রাউন্ডের খেলা। এবার ফ্রেঞ্চ ওপেনের পুরুষ এককে নজর থাকবে বিগ থ্রি রজার ফেদেরার, রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচের দিকেই। তবে নাদাল ও ফেদেরারের যেকোনো একজন এবার ফ্রেঞ্চ ওপেন জিতলে তৈরি হবে নতুন ইতিহাস। পুরুষ এককে ফেডেক্স ও রাফা দুজনেরই ২০টি (সর্বোচ্চ) করে গ্র্যান্ড স্ল্যাম। তাদের কেউ জিতলে সে এগিয়ে যাবে। ইতিহাসের হাতছানি আছে নারী এককেও। সেখানে বাড়তি নজর থাকবে সেরেনা উইলিয়ামসের দিকে। কারণ, আর একটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেই মার্গারেট কোর্টের সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যামকে ছুঁয়ে ফেলবেন তিনি।
করোনাভাইরাসের কারণে গত বছরের ফ্রেঞ্চ ওপেন হয়েছিল সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। সেই হিসাবে ৮ মাসের মাথায় আবারও লাল দুর্গে নামছেন টেনিস খেলোয়াড়রা। এটি ফ্রেঞ্চ ওপেনের ১২৫তম আসর। এই বছর হতে যাওয়া দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট। এর আগে গেল ফেব্রুয়ারিতে হয়েছে অস্ট্রেলিয়ান ওপেন। ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন স্প্যানিশ রাফায়েল নাদাল। টুর্নামেন্টে সর্বোচ্চ ১৩ বার শিরোপা জিতেছেন নাদাল। ক্লে-কোর্টের রাজা বলা হয় নাদালকে। গেল চার বছর টানা চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। তাই এবারও পুরুষ এককে ফেভারিট নাদালই।
তৃতীয় বাছাই নাদালকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নোভাক জকোভিচ। গত বছর ফাইনালে নাদাল ৬-০, ৬-২, ৭-৫-এ হারিয়েছিলেন সার্বিয়ান জকোভিচকে। ইনজুরির কারণে গত বছর ফেঞ্চ ওপেনে ছিলেন না রজার ফেদেরার। এবার ফিরেছেন। ২০২০ অস্ট্রেলিয়ান ওপেনের পর এই প্রথম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে ফিরছেন ৩৯ বছরের ফেদেরার। তাই এবার শিরোপা ধরে রাখার মিশনে গত বছরের তুলনায় কঠিন পরীক্ষার সামনে নাদাল। এবার ফ্রেঞ্চ ওপেনের ড্রতে একই অর্ধে পড়েছেন নাদাল, জকোভিচ ও ফেদেরার। ফলে বিগ থ্রি কোয়ার্টারে পৌঁছে গেলে সেখানে দেখা হয়ে যাবে জকোভিচ ও ফেদেরারের। জকোভিচ আর নাদাল সেমিতে উঠলে দেখা হবে তাদের। এবার বাছাই নির্ধারিত হয়েছে এটিপি র্যাংকিংয়ের ভিত্তিতে। তাই ফাইনালের আগেই বাদ পড়বেন বিগ থ্রির দুজন। শীর্ষ বাছাই জকোভিচ, রাফা তৃতীয় এবং দানিল মেদভেদেভ দ্বিতীয় বাছাই। গ্রিক স্তেফানো সিতসিপাস এবার পঞ্চম বাছাই। ডমিনিক তিম চতুর্থ বাছাই। ফেডেক্স আট নম্বর বাছাই।
নারী এককে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অ্যাশলে বার্টি এবং সেরেনা উইলিয়ামস ড্রতে একই দিকে পড়েছেন। বার্টি গত বছরের ফ্রেঞ্চ ওপেনে অংশ নেননি করোনা মহামারীর কারণে। কিছুদিন আগে ইতালিয়ান ওপেনে কোয়ার্টার ফাইনাল থেকে নাম প্রত্যাহার করে নিতে হয় বার্টিকে বাহুর ইনজুরির কারণে। তবে ফ্রেঞ্চ ওপেনে খেলছেন তিনি।
গত বছর মাত্র ১৯ বছর বয়সে প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন পোলিশ খেলোয়াড় ইগা সুয়াতেক। সেটি তার ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যামও। বর্তমানে ওয়ার্ল্ড র্যাংকিংয়ে নয় নম্বরে আছেন তিনি। আজ তার ২০তম জন্মদিন। সুয়াতেক বলেন, ‘সবাই আপনাকে মনে রাখবে যখন আপনি কোনো গ্র্যান্ড স্ল্যাম জিতবেন। আমি মনে করি না শিরোপা আমাকে ধরে রাখতে হবে, কারণ আমি যা করেছি এবং করব সব আমার সঙ্গেই থাকবে।’ ফ্রেঞ্চ ওপেনে নারী এককে বার্টি এক নম্বর বাছাই, দুই নম্বর নাওমি ওসাকা। সেরেনা সাত ও সুয়াতেক আট নম্বর বাছাই।
