মানসিক প্রতিবন্ধী শিল্পী বেগম (৩৭)। প্রায়ই গ্রাম ঘুরে লোকজনকে গালাগাল করতেন তিনি। ইদানিং অবস্থার অবনতি হওয়ায় এটি বেড়ে যায়। বাধ্য হয়ে পরিবারের সদস্যরা সম্প্রতি তাকে শিকল দিয়ে বেঁধে একটি পরিত্যক্ত ঘরে রাখেন। অগ্নিকাণ্ডে ওই ঘরে ঘুমন্ত অবস্থায় মারা যান শিল্পী বেগম।
গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার শিবচর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তালুকদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। শিল্পী বেগম গ্রামের আবদুল বারেক তালুকদারের মেয়ে।
নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয়রা জানায়Ñ শিল্পী বেগম বেশ কয়েক বছর মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায়ই পরিবার ছাড়াও গ্রামের লোকজনকে গালাগালি করতেন। তাকে নিবৃত্ত রাখতে কয়েক দিন আগে বাড়ির একটি পরিত্যক্ত ঘরে শিকলে বেঁধে রাখা হয়। শুক্রবার রাতে সেখানে আগুন লাগে। স্থানীয়রা আধা ঘণ্টার মধ্যে আগুন নেভালেও ঘরটি পুড়ে যায়।
শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শ্যামল বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুরো ঘর পুড়ে যায়। এতে ঘরে থাকা শিল্পী বেগম পুড়ে মারা যান। এ ছাড়া একটি ছাগলসহ অন্যান্য মালামালও পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশা তাড়ানোর কয়েল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শিবচর থানার ওসি মিরাজ হোসেন জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত পরিবারের সদস্যরা থানায় কোনো অভিযোগ করেননি।
