শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি

শিক্ষার্থীদের মানববন্ধন ঢাকা ও কুমিল্লায়

আপডেট : ৩০ মে ২০২১, ১১:০৪ পিএম

স্বাস্থ্যবিধি মেনে দ্রুত সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নীলক্ষেত মোড়ে এ কর্মসূচি পালন করে।

মানববন্ধনে শিক্ষার্থীরা দাবি করে বলেন, ‘সরকার ঘোষিত লকডাউনের মধ্যেও একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া গার্মেন্ট, দোকানপাট, গণপরিবহনসহ সবই চলছে। এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় দীর্ঘদিন একই বর্ষে থাকার ফলে চাকরির বাজারসহ নানাভাবে পিছিয়ে যাচ্ছি আমরা। অনেকে মানসিক সমস্যায় ভুগছেন। ফলে অবিলম্বে আমরা সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জানাচ্ছি।’

মানববন্ধনে আসা ঢাকা কলেজের শিক্ষার্থী আ. জ ম ওবায়েদুল্লাহ দেশ রূপান্তরকে বলেন, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল ২৪ মে ক্যাম্পাস খুলে দেওয়া হবে। কিন্তু এখন আবার বলা হচ্ছে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খুলবে না। সব যখন চলছে, আমাদের পড়াশোনায় কেন অবরোধ রাখা হয়েছে?

মিরপুর বাঙলা কলেজের ৩য় বর্ষের নূরে জান্নাত নামে আরেক শিক্ষার্থী বলেন, গতকাল আমরা যা জেনেছি যে শিক্ষাপ্রতিষ্ঠান আদৌ খুলবে কি না সন্দেহ, তাই আমরা আর আস্থা রাখতে পারছি না ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে সেই পরিপ্রেক্ষিতে আজ আমরা সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান করছি। আমাদের দাবি একটাই স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা চাই।

এ সময় অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে কলেজ খোলা না হলে আবারও নীলক্ষেত মোড় অবরোধ করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ : স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। গতকাল রবিবার বেলা ১১টায় আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে ক্যাম্পাস খোলার পক্ষে গণস্বাক্ষর গ্রহণ করেন তারা।

আন্দোলনে অংশ নিয়ে আইসিটি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আফসার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া দেশের সবকিছুই স্বাভাবিক চলছে, সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে রাখার কোনো যৌক্তিকতা নেই। অনতিবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় ‘আমাদের দাবি মানতে হবে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা চাই’, ‘হাট বাজারে মানুষের ঢল, বন্ধ কেন পরীক্ষার হল’, ‘অনলাইনে পরীক্ষা মানি না, মানব না’, ‘শিক্ষা নিয়ে তামাশা মানি না, মানব না’ এসব স্লোগান দিতে থাকেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত