যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র বিক্রিতে রেকর্ড

আপডেট : ৩০ মে ২০২১, ১১:৫৯ পিএম

করোনা মহামারীর মধ্যেও যুক্তরাষ্ট্র আগ্নেয়াস্ত্র বিক্রিতে রেকর্ড করছে। গত বছর থেকে দেশটিতে আগ্নেয়াস্ত্র বিক্রিতে ঊর্ধ্বমুখী ভাব দেখা যাচ্ছে। এক গবেষণায় দেখা গেছে, গত বছর যুক্তরাষ্ট্রের এক-পঞ্চমাংশ নাগরিক প্রথমবারের মতো অস্ত্রের মালিক হয়েছেন।

গত সপ্তাহেই যুক্তরাষ্ট্রে ভয়াবহ গুলির ঘটনা ঘটেছে। অস্ত্র বিক্রি বৃদ্ধির সঙ্গে গুলি করে মানুষ হত্যার ঘটনাও হু হু করে বাড়ছে। এ নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা এক পক্ষ অন্য পক্ষকে দুষছেন।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র বিক্রির হার গত বছর থেকে অনেক বেড়ে গেছে। অন্য যেকোনো সময়ের তুলনায় দেশটির নাগরিকরা অনেক বেশি আগ্নেয়াস্ত্র কিনছেন। এর আগে এত বেশি আগ্নেয়াস্ত্র বিক্রির হার লক্ষ করা যায়নি।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে কয়েক দশক ধরেই আগ্নেয়াস্ত্র বিক্রি বেড়েছে। কিন্তু গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের সময় থেকে তা আরও বহুগুণে বেড়ে গেছে। ১৯৯৮ সাল থেকে সরকার প্রথমবারের মতো অস্ত্র কেনার ক্ষেত্রে ‘ব্যাকগ্রাউন্ড চেক’ করার শর্ত আরোপ করে। ক্রেতাকে যাচাই করা শুরু করে। সে সময় প্রথম এক সপ্তাহেই ১০ লাখ আগ্নেয়াস্ত্র বিক্রির রেকর্ড করা হয়। এখনো যাচাই-বাছাইয়ের মধ্য দিয়েই নাগরিকদের অস্ত্র কিনতে হচ্ছে। অস্ত্র বিক্রিতে আগের সেই রেকর্ড এবার পেরিয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত