ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও টায়ারে আগুন জ¦ালিয়ে সড়ক অবরোধ করেছে আওয়ামী লীগের বিক্ষুব্ধ ও বঞ্চিত নেতাকর্মীরা।
গতকাল রবিবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে কমিটিতে পদ না পাওয়া নেতারাসহ আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা।
পরে তারা চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সভা করেন এবং টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আতঙ্কে দুপুর ২টা পর্যন্ত ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখেন।
প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, ২৭ মে অনুমোদন পাওয়া বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের কমিটির ৫ জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তাদের কেউ মাদক কারবারি, কেউ বিএনপি থেকে আসা। আবার কেউ ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি। ত্যাগী নেতাদের বাদ দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। অবিলম্বে এই কমিটি বাতিল করে তা পুনর্গঠন করার দাবি জানান বক্তারা।
সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের কমিটির সাবেক সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজামান শামীম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মমিনুল ইসলাম ভাসানী প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন, গত ২৭ মে ৭১ সদস্যের বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের যে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে, তা সঠিক ও নিরপেক্ষভাবে হয়েছে। কমিটি বাতিলের প্রতিবাদ ও বিক্ষোভ করার বিষয়ে তিনি বলেন, এটা তাদের গণতান্ত্রিক অধিকার।
এ ব্যাপারে ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ দবিরুল ইসলাম বলেন, আগে একটি কমিটি করা হয়েছিল। কেন্দ্রের নির্দেশে তা বাতিল করা হয়। কিন্তু পরের কমিটি সম্পর্কে তিনি অবগত নন এবং কমিটিতে স্থান পাওয়া অনেকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
তবে এ অভিযোগ অস্বীকার করে ঠাকুরগাঁও জেলা সভাপতি সাদেক কুরাইশী বলেন, বর্তমান কমিটির কোনো সদস্যের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ আমরা পাইনি। গঠনতন্ত্র অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবেই কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে কেন্দ্রীয় কমিটি অবগত রয়েছে।
