জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে প্রসিকিউটর জেয়াদ আল মালুম

আপডেট : ৩১ মে ২০২১, ০৫:৪১ এএম

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল  মালুম (৬৮)। রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে গত চার দিন ধরে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। গত ২৫ মে রাতে হৃদরোগে আক্রান্ত হন জেয়াদ আল মালুম। পরে তাকে ওই হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছিল। তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ায় তা অনেকাংশে কাজ করছিল না। শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন তাকে হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়। গতকাল রবিবার চিকিৎসকের বরাতে ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাপস কান্তি বল দেশ রূপান্তরকে বলেন, ‘মালুম স্যার (জেয়াদ আল মালুম) হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। এখন তিনি সংজ্ঞাহীন। ডাক্তাররা বলেছেন, তিনি এখন লাইফ সাপোর্ট ছাড়া শ্বাস-প্রশ্বাস নেওয়ার মতো অবস্থায় নেই। তার ফুসফুসও তেমনভাবে কাজ করছে না। তার ফিরে আসার প্রার্থনা করা ছাড়া এখন আর কিছুই করার নেই।’ 

তিনি আরও জানান, হার্ট অ্যাটাক হওয়ার পর ১০ মিনিটের মতো সংজ্ঞাহীন ছিলেন জেয়াদ আলম মালুম। এই অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা বলেছেন, হার্টে ১০ মিনিটের মতো রক্ত সঞ্চালন না হলে মস্তিষ্ক স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। এখন তার মস্তিষ্ক কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এর জন্য সিটিস্ক্যান করা প্রয়োজন। কিন্তু ভেন্টিলেশন সাপোর্ট খুলে সিটিস্ক্যান করার মতো অবস্থা নেই তার। এ ছাড়া  জেয়াদ আল মালুমের ফুসফুস এই মুহূর্তে মাত্র ৩০ ভাগ কাজ করছে। তার মেরুদন্ডের হাড়েও সমস্যা রয়েছে। দীর্ঘ দিন ধরে এই দুই রোগের চিকিৎসা নিচ্ছেন তিনি। তবে, পরীক্ষায় তার করোনাভাইরাসের ফল নেগেটিভ এসেছে বলে জানান তাপস কান্তি বল। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিচারের জন্য ২০১০ সালের মার্চে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। ওই সময়ে প্রসিকিউশন প্যানেলে প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আইনজীবী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জেয়াদ আল মালুম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত