ফেনীতে জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

আপডেট : ৩১ মে ২০২১, ১১:০৮ এএম

ফেনীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বেলায়েত হোসেন বেলাল (৪৫) নামে এক কৃষক নিহত ও তার সহোদর মো. মাসুদ (৩৫) আহত হয়েছেন।

সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের হাদা ব্যাপারী দোকান এলাকায় সোমবার ভোরে এ ঘটনা ঘটে।

পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, হাদা ব্যাপারি দোকান এলাকার আবদুল শুক্বুর গংদের সাথে প্রতিবেশী বেলায়েত হোসেন বেলাল গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। পূর্ব বিরোধের জেরে আবদুল শুক্কুরের ছেলে আবুল হাসেমের সঙ্গে বেলায়েত হোসেন বেলালের ভাই ননা মিয়ার রবিবার সন্ধ্যায় হাতাহাতি হয়।

উপস্থিত লোকজন উভয় পক্ষকে নিবৃত্ত করে দেন। এ ঘটনার জেরে সোমবার ভোর পাঁচটার দিকে বেলায়েত হোসেন বেলাল ও তার সহোদর মাসুদ তাদের বাড়ির পাশে মহিষের দুধ সংগ্রহ করতে গেলে আবুল হাসেমের নেতৃত্বে তার আত্মীয়স্বজনরা মিলে বেলাল ও মাসুদের উপর অতর্কিত হামলা করে।

তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে বেলায়েত হোসেন বেলাল মৃত্যুবরণ করেন। তার সহোদর আহত মাসুদ ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ আবদুল শুক্বুর (৭০), তার ছেলে আবুল হাসেম (৪৫), ভাই আবদুল মালেক (৭৫), জামাই নিজাম উদ্দিন (৪২), নাতি মিন্টু (২৫), বাহার উল্যাহ (৩০) ও শেখ ফরিদসহ (২৫) সাতজনকে গ্রেপ্তার করেছে।

এ ঘটনায় নিহতের ভাই ননা মিয়া বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ৭ মাস আগেও জমি নিয়ে বিরোধের জেরে উভয় পরিবারের সংঘর্ষে কমপক্ষে ৬জন আহত হয়েছিলেন। উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত