হিলিতে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা

আপডেট : ০১ জুন ২০২১, ০৬:৫৭ পিএম

দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা হাকিমপুরের হিলিতে বেড়েই চলেছে করোনা সংক্রমণের হার। করোনা সংক্রমণের হার বাড়ায় আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মাঝে।

গত ২৪ঘন্টায় হিলিতে নতুন করে আরও ৫জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গত দুদিনে ধারাবাহিকভাবে ৫জন করে মোট ১০জন করোনায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

গত ২৪ঘন্টায় ২৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে হিলির ৫জন। এ সময় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ছিল ৮.৯৪ ভাগ।

দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, হিলিতে বর্তমানে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১০৭ জন। এর মধ্যে ১জন মৃত্যুবরণ করেছেন, সুস্থ হয়েছেন ৮৯জন। এছাড়া ১৭জন চিকিৎসাধীন রয়েছেন। সকলেই তাদের নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

হিলি বাজারের বাসিন্দা ইয়াসিন আলী বলেন, কিছুদিন আগেও হিলিতে করোনা সংক্রমণের হার অনেক কম ছিল। কিন্তু দিন দিন হিলিতে করোনা সংক্রামকের হার বাড়ছে। গত ৩দিনে ১১জন করোনায় আক্রান্ত হয়েছেন, যা উদ্বেগের বিষয়।

তিনি আরও বলেন, করোনা আক্রান্তের হার বাড়লেও মানুষজনের মাঝে স্বাস্থ্যবিধি মানার ও মুখে মাস্ক ব্যবহারের কোন উদ্যোগ দেখা যাচ্ছে না। মানুষজন মাস্ক ছাড়াই বাজার ঘাটে চলাচল করছে, প্রশাসনের কোন নজরদারি নেই। এখনই উদ্যোগ না নেওয়া হলে করোনা সংক্রমণের হার হুহু করে বাড়বে বলেও জানান তিনি।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান বলেন, পূর্বে হিলিতে করোনা সংক্রমণের দিক থেকে অনেক কম ছিল। কিন্তু গত কয়েক দিন ধরে হিলিতে হঠাৎ করে করোনা রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। গত দশ দিনের ব্যবধানে ১৭জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আমাদের হাসপাতালের আউটডোর ও জরুরি বিভাগে এখন প্রায় জ্বরের রোগী পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, এমতাবস্থায় এই অঞ্চলের মানুষের প্রতি আমাদের সতর্কবার্তা এটিই তারা যেন মাস্ক পরিধান করেন ও যেকোনো ধরনের উপসর্গ দেখা মাত্র চিকিৎসকের শরণাপন্ন হয়। একই সঙ্গে তারা যেন করোনা পরীক্ষা করান। আমরা এ বিষয়ে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছি, প্রতিটি নাগরিককে স্ক্রিনিং এর আওতায় আনছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত