ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাতের ম্যাচে জয়ী হয়ে ইতিহাসে নাম লেখালেন সেরেনা উইলিয়ামস। তবে মার্কিন কিংবদন্তির জয়টা সহজে আসেনি। রুমানিয়ার ইরিনা ক্যামেলিয়া বেগুর বিরু ৭-৬ (৬), ৬-২ সেটে জিতেছেন তিনি। জয় পেয়েছেন জেনেভা ওপেনের প্রথম ম্যাচে হেরে বিদায় নেওয়া রজার ফেদেরার। উজবেকিস্তানের ডেনিস ইস্তোমিনের বিপক্ষে ৬-২, ৬-৪, ৬-৩ সেটে প্রথম রাউন্ডের ম্যাচ স্ট্রেট সেটেই জিতেছেন তিনি। এবার ফ্রেঞ্চ ওপেনের জৌলুশ বাড়াতে এই প্রথমবার রাতের ম্যাচ আয়োজন করা হয়েছিল। করোনা অতিমারীর জন্য এবার দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হচ্ছে। রোলাঁ গারোঁতে প্রথম রাউন্ড জেতার পর সেরেনা বলেন, ‘রাতের ম্যাচে আমার রেকর্ড কোনোদিন ভালো নয়। এই ম্যাচের প্রথম সেটেও বেগ পেতে হলো। তবে এটাও সত্যি যে রোলাঁ গারোঁতে প্রথমবার ফ্লাডলাইটে খেলার জন্য মুখিয়ে ছিলাম।’ দ্বিতীয় রাউন্ডে সেরেনার প্রতিপক্ষ রোমানিয়ার আর এক খেলোয়াড় মিহায়েলা বুজারনেসকিউ। ফ্রেঞ্চ ওপেনে পুরুষদের বিভাগে গত সোমবার অঘটন ঘটেছে। জাপানের ইয়োসিহিতো নিশিকোরির কাছে ৪-৬, ২-৬, ৬-৩, ৬-৭ (৫-৭) ব্যবধানে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন জো উইলফ্রেড সঙ্গা। গতকাল অস্ট্রেলিয়ার অ্যালেক্সি পপিরিনকে ৬-৩, ৬-২, ৭-৬ (৩) সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ফ্রেঞ্চ ওপেনের রাজা নাদাল।
×
