টোকিও অলিম্পিকে অংশ নিতে প্রথম আন্তর্জাতিক অ্যাথলেটদের মধ্যে মঙ্গলবার জাপানে পৌঁছেছে অস্ট্রেলিয়ার নারী সফ্টবল দল।
১৭ জুলাই টোকিওর অ্যাথলেট ভিলেজ বা অ্যাথলেটদের জন্য সাময়িকভাবে প্রস্তুতকৃত আবাসনকেন্দ্রে পৌঁছানোর আগে এই দল অনুশীলন ক্যাম্প করবে টোকিওর ওটা’য়।
অস্ট্রেলিয়ার এই প্রতিনিধি দলকে কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে এবং প্রতিদিন ভাইরাস পরীক্ষা করা হবে। ওটায় থাকা অস্ট্রেলিয়ার স্কোয়াড নেগেটিভ রিপোর্ট আসার পর জাপানে পা রাখে। তবে সেখানেও তাদের বিশেষ নিয়মের মধ্যে থাকতে হবে। যাতায়াত বলতে হোটেলের ফ্লোর পর্যন্ত সীমাবদ্ধ থাকছে তাদের এবং অনুশীলনের জন্য বাইরে যেতে পারবেন।
করোনার কারণে টোকিও অলিম্পিক হবে কিনা, তা নিয়ে শুরুতে শঙ্কা তৈরি হয়েছিল। তবে সব সমালোচনার মুখে ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আসর।
