করোনার মধ্যেও এগিয়ে চলছে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

আপডেট : ০৩ জুন ২০২১, ০৪:৪৮ এএম

করোনার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।  গতকাল বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তর থেকে অনলাইনে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত এশিয়া-প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট (এআইবিডি) আয়োজিত ২-৩ জুন দুদিনব্যাপী লিডারস ওয়েবসামিটে মন্ত্রিপর্যায়ের উদ্বোধনী আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিত্বকালে এ কথা বলেন তিনি। 

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ পৃথিবীর একটি সর্বোচ্চ ঘনবসতির দেশ। তা সত্ত্বেও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দূরদর্শী নেতৃত্বে দেশে যেমন করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন, তেমনি দেশের মানুষের খাদ্য ও কাজেরও কোনো সংকট হতে দেননি। শুধু তা-ই নয়, গত এক বছরে দেশের মানুষের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে ২ হাজার ২২৭ মার্কিন ডলারে উন্নীত হয়েছে, বিশ্বের হাতে গোনা ধ্বনাত্মক জিডিপি প্রবৃদ্ধির ২০টি দেশের মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করেছে।’

করোনাকালে দেশের গণমাধ্যমের ভূমিকার ভূয়সী প্রশংসা করে তিনি আরও বলেন, ‘মানুষকে করোনা বিষয়ে ঠিক তথ্য দেওয়া, স্বাস্থ্য সচেতনতাবার্তা প্রচার এবং গুজব রটনা প্রতিহত করতে দেশের মূলধারার গণমাধ্যম বিশাল ভূমিকা রেখে চলেছে এবং সাংবাদিকরা অকুতোভয়ে কাজ করে চলেছেন। শত শত গণমাধ্যমকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যু বরণ করেছেন অনেকে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব গণমাধ্যমকর্মীর জন্য বিশেষ সহায়তা চালু রেখেছেন বলে জানান তিনি।

এআইবিডি পরিচালক ফিলোমেনা নানাপ্রাগাসামের সভাপতিত্বে মহামারীর তথ্য প্রদানে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনায় আরও অংশ নেন মালয়েশিয়ার কমিউনিকেশন্স অ্যান্ড মাল্টিমিডিয়ামন্ত্রী দাতো সাইফুদ্দিন আব্দুল্লাহ, নাইজেরিয়ার তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আলহাজি লাই মোহাম্মদ, ফিলিপিনের তথ্যমন্ত্রী জোসে রুপার্টো মার্টিন আন্দানার, কম্বোডিয়ার তথ্য উপমন্ত্রী ড. সক প্রাসিথ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত