শিগগিরই উন্মুক্ত হতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সে খবর জানাতেই প্রথম অরিজিনাল ওয়েব সিরিজ ‘মরীচিকা’র ট্রেলার প্রকাশ্যে এসেছে।
মঙ্গলবার প্রকাশ হয় সিরিজের গুরুত্বপূর্ণ চারটি চরিত্র নিয়ে আলাদা আলাদা পোস্টার, পরদিন সন্ধ্যায় এলো ট্রেলার।
হত্যা রহস্য, খুনি-পুলিশ খেলা নিয়ে শিহাব শাহীন পরিচালনা করেছেন ‘মরীচিকা’।
সিরিজটির গল্প এক তরুণ মডেলের হত্যার তদন্ত নিয়ে। হঠাৎ একদিন একটি ব্রিজের নিচ থেকে পাওয়া যায় সেই মডেলের লাশ। এরপরই এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে নামেন পুলিশ কর্মকর্তা শাকিল। যার আকর্ষণীয় কিছু দিক ওঠে এসেছে প্রচারণা ভিডিওটিতে।
তারকাবহুল এ সিরিজে প্রধান মুখ হিসেবে আছেন সিয়াম আহমেদ, আফরান নিশো, মাহিয়া মাহি ও জোভান।
নির্মাতা শিহাব জানান, দর্শক ট্রেলারে পুরো সিরিজের একটি ঝলক দেখতে পেয়েছেন মাত্র। সিরিজে তাদের জন্য অনেক অনেক থ্রিল, ড্রামা আর সাসপেন্স অপেক্ষা করছে।
প্রায় দুই মিনিট ব্যাপ্তির এই ট্রেলারে দেখা গেছে খলরূপে নিশো, পুলিশ বেশে সিয়াম এবং এক মডেলের চরিত্রে মাহিকে। তাদের সঙ্গে আরও অভিনয় করেছেন চুমকী, শিমুল খান, আবদুল্লাহ রানা প্রমুখ।
