মোটরসাইকেল চুরির সময় আটক ইউপি চেয়ারম্যানের ছেলে

আপডেট : ০৩ জুন ২০২১, ০৩:৪৯ পিএম

নাটোরে মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে আটক হয়েছে গুরুদাসপুর উপজেলার এক সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলে ও বর্তমান চেয়ারম্যানের ভাতিজা।

নাটোর থানা সূত্রে জানা গেছে, নাটোর শহরের বলাড়িপাড়া এলাকায় মোটরসাইকেল চুরি করতে গিয়ে হাতেনাতে আটক হওয়ার পর হীরা এবং নুর নামে দুজনকে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

আটক আল আমিন (হিরা) গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদের ছেলে এবং বর্তমান চেয়ারম্যান আব্দুল মতিনের আপন ভাতিজা।

অপরজন নুর ইসলাম গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় গাড়িষাপাড়ার হাজি মোহাম্মদ কাজেম প্রামাণিকের ছেলে।

বুধবার সন্ধ্যা রাতে শহরের বলাড়িপাড়া মহল্লার ঠিকাদার মির্জা খোকনের ব্যবসায়িক প্রতিষ্ঠান এম এন ট্রেড অফিসের সামনে থেকে মোটরসাইকেল চুরি করতে যান হীরা এবং নুর ইসলাম।

এম এম ট্রেড অফিসের সিসিটিভিতে ওই চোরদের লক ভাঙার দৃশ্য দেখতে পান ঠিকাদাররা। সিসিটিভির ফুটেজ দেখে তৎক্ষণাৎ দুই মোটরসাইকেল চোরকে হাতেনাতে আটক করে ঠিকাদাররা। পরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে আটক হীরা এবং নুর ইসলামকে পুলিশ আদালতে হাজির করলে আদালতের বিচারক তাদের নাটোর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত