স্থানীয় সরকারে বরাদ্দ বেড়েছে, গণপূর্তে কমেছে

আপডেট : ০৩ জুন ২০২১, ১১:১৩ পিএম

স্থানীয় সরকার বিভাগে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৩৯ হাজার ২১৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যা গত অর্থবছরের বরাদ্দ থেকে ৩ হাজার ১১৬ কোটি টাকা বেশি। গত অর্থবছরে সরকারের গুরুত্বপূর্ণ এ খাতে বরাদ্দ ছিল ৩৬ হাজার ১০৩ কোটি টাকা। আর তা সংশোধিত বাজেটে বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ৯৯৩ কোটি টাকা। যা মূল বাজেটের চেয়ে ২ হাজার ৯৮০ কোটি টাকা বেশি। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব তথ্য জানান।

প্রস্তাবিত বাজেটে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ৭৯১ কোটি টাকা। যা গত অর্থবছরে ছিল ২ হাজার ২২৫ কোটি টাকা। এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে বরাদ্দ রাখা হয়েছে ৬ হাজার ৩৪৫ কোটি টাকা। যা গত অর্থবছরে ছিল ৬ হাজার ৯৩৬ কোটি টাকা। সেই হিসাবে এ খাতে বরাদ্দ কমেছে ৫৯১ কোটি টাকা।

বাজেট বক্তৃতায় পরিকল্পিত আবাসন নিয়ে অর্থমন্ত্রী বলেন, সুপরিকল্পিত নগরায়ণ ও সবার জন্য টেকসই আবাসন নিশ্চিতকরণে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। স্যাটেলাইট সিটি নির্মাণ, সীমিত ভূমির সাশ্রয়ী ব্যবহারে বহুতল ভবন নির্মাণ উৎসাহিতকরণ, ভূমির অপচয় রোধে আবাদি জমিতে গৃহনির্মাণ নিরুৎসাহিতকরণ, প্রান্তিক ও আশ্রয়হীন মানুষের আবাসন নিশ্চিতকরণ সরকারের উদ্যোগগুলোর মধ্যে অন্যতম।

আবাসন পরিকল্পনা নিয়ে মন্ত্রী আরও বলেন, ঢাকা মহানগরীর আবাসন সংকট সমাধানে পূর্বাচল নতুন শহরে পিপিপি পদ্ধতিতে ৬০ হাজার নতুন আবাসিক ফ্ল্যাট এবং উত্তরা ১৮ নম্বর সেক্টরে ৮ হাজার ৪০০ আবাসিক অ্যাপার্টমেন্ট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জলবায়ু উদ্বাস্তু পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে গুচ্ছগ্রাম-২য় প্রকল্পের আওতায় সারা দেশে ৩৭ হাজার ২৫৪টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। আগামী অর্থবছরে আরও এক হাজার ভূমিহীন দরিদ্র পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া নির্মাণসামগ্রীর দাম কমানো হয়েছে বলেও জানান মন্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত