ভোলার সদর উপজেলায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকের শাটারিং খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে আব্দুল মালেক (৪৫) ও জসিম উদ্দিন (৩৫) নামের দুজনের মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার সকাল ৯টার দিকে নিহত আব্দুল মালেকের বাড়ির নির্মাণাধীন সেপটিক ট্যাংকের শাটারিং খুলতে গিয়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শাহাবুদ্দিন ও মো. কবির নামের দুজন অসুস্থ হয়ে পড়েছেন।
নিহত আব্দুল মালেক উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পন্ডিতের হাট এলাকার তজু বেপারীর ছেলে। জসিম উদ্দিন একই এলাকার কালু মাঝির ছেলে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনিছুর রহমান জানান, সকালে আব্দুল মালেকের বাড়িতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরে শাটারিং খুলতে নামেন রাজমিস্ত্রি জসিম উদ্দিন। জসিম উদ্দিন সেখানে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হলে তাকে উদ্ধার করতে আব্দুল মালেক সেপটিক ট্যাংকে নামেন। তিনিও সেখানে আক্রান্ত হলে তাদের দুজনকে উদ্ধার করতে শাহাবুদ্দিন ও মো. কবির সেপটিক ট্যাংকে নেমে গুরুতর আহত হন। পরে পুলিশ গিয়ে স্থানীদের সহায়তায় ট্যাংকের ভেতর থেকে তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মালেক ও জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। শাহাবুদ্দিন ও কবিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতদের পরিবারের সদস্যদের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
