মোংলার সুন্দরবনের শ্যালা নদীর পাড়ের জয়মনি এলাকায় অভিযান চালিয়ে আহরণ নিষিদ্ধ প্রায় ৩০ হাজার চিংড়ির রেণু পোনা জব্দ করেছে বন বিভাগ ও নৌপুলিশ।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ’র সহকারী বন সংরক্ষক মো. এনামুল হক ও চাঁদপাই নৌ থানার ওসি মো. তজিমুল ইসলাম যৌথভাবে এ অভিযান চালান।
তারা জানান, সুন্দরবনের নদী-নদীতে রেণু পোনা (গলদা ও বাগদা চিংড়ি) ধরা নিষিদ্ধ। তারপরও দীর্ঘদিন ধরে এক শ্রেণির অসাধু জেলে-মহাজনেরা অধিক মুনাফার লোভে কিছু জেলেদের দিয়ে এই পোনা শিকার করাচ্ছেন।
সোমবার সকালে এমন খবরে নৌ পুলিশের সহায়তায় সুন্দরবনের শ্যালা নদীতে বনরক্ষী মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়।
এ সময় তাদের অভিযান টের পেয়ে জেলেরা রেণু পোনা ফেলে পালিয়ে যায় বলে জানান তিনি।
এসব পোনা বাগেরহাটের ফকিরহাট, মোল্লারহাট, মোড়েলগঞ্জসহ দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় জেলে-মহাজনেরা বিক্রি করেন থাকেন।
তবে ওইসব জেলে মহাজনদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না জানতে চাইলে বন কর্মকর্তা এনামুল হক বলেন, তাদের বিরুদ্ধে শিগগিরই অভিযান হবে।
এদিকে জেলেদের ফেলে রেখে যাওয়া ৩০ হাজার রেণু পোনা জব্দের পর তা আবারও সুন্দরবনের নদীতেই অবমুক্ত করা হয়েছে বলেও জানান বন বিভাগের কর্মকর্তা এনামুল হক।
