নেপালে ওষুধ ও সুরক্ষা সামগ্রী পাঠাল বাংলাদেশ

আপডেট : ০৭ জুন ২০২১, ০৭:৪৮ পিএম

করোনা সংকট মোকাবেলায় নেপালে কোভিড-১৯ আক্রান্ত  জনগণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ‘সার্ক কোভিড-১৯ জরুরী তহবিল’ থেকে উপহার হিসেবে তিন ট্রাক ওষুধ ও  সুরক্ষা সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ।

সোমবার বেলা সাড়ে ১১টায় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে ভারতের ফুলবাড়ি দিয়ে এসব সামগ্রী নিয়ে ট্রাক তিনটি নেপালের উদ্যেশে যাত্রা করে। এ সময় বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের পরিদর্শক (ওসি) নজরুল ইসলাম, বাংলাবান্ধা ল্যাল্ডপোর্ট লিমিটেডের পোর্ট ইন্সপেক্টর সারোয়ার হোসেন সাগর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহকারী পরিচালক সামছুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

বন্দর সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নেপালের কোভিড-১৯ আক্রান্ত জনগণের জন্য উপহার হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ওই তিন ট্রাক ওষুধ ও সুরক্ষা সামগ্রী পাঠানো হয়। তিনটি ট্রাকে করে বিভিন্ন ধরনের জরুরী প্রয়োজনীয় ওষুধ, হ্যান্ড স্যানিটাইজার, ফ্লোর ক্লিনার ও স্যার্জিকাল মাস্ক পাঠানো হয়।

এ বিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের পরিদর্শক (ওসি) নজরুল ইসলাম জানান, রবিবার সন্ধ্যায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ‘সার্ক কোভিড-১৯ জরুরী তহবিল’ থেকে নেপালে করোনা আক্রান্ত জনগণের সাহায্যার্থে তিন ট্রাক মেডিকেল সামগ্রী বাংলাবান্ধা স্থলবন্দর পৌঁছায়। পরে সোমবার বেলা ১১টায় ভারতের ফুলবাড়ি স্থলবন্দর হয়ে নেপালের উদ্দেশে রওনা করে ট্রাক তিনটি।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের পোর্ট ইন্সপেক্টর সারোয়ার হোসেন সাগর জানান, নেপালের কোভিড-১৯ আক্রান্ত জনগণের জন্য উপহার সামগ্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে পাঠানো হয়েছে। আমরা সব প্রস্ততি সম্পন্ন করে ট্রাকগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত পাঠিয়ে দিয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত