ভারতের বিপক্ষে প্রথমার্ধে বেশ কঠিন পরীক্ষা দিতে হলো বাংলাদেশকে। শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এড়িয়ে থাকা ভারত বেশ কিছু আক্রমণে কাঁপিয়ে দেয় বাংলাদেশের রক্ষণ। সেসব সামলে অবশ্য গোলপোস্ট অক্ষত রেখেই প্রথমার্ধ শেষ করেছেন জামাল ভূঁইয়ারা।
বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের ম্যাচে লড়ছে বাংলাদেশ-ভারত। সোমবার কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধ শেষে ফল- বাংলাদেশ ০: ০ ভারত।
প্রথমার্ধে ৭৪ শতাংশ বল দখলে রেখেছে ভারত। বাংলাদেশ খেলেছে রক্ষণ সামলে। প্রতিপক্ষকে গোল করতে না দেওয়ায় বাংলাদেশের এই কৌশলকে আপাতত সার্থকই বলতে হবে। যদিও পূর্ণ পয়েন্টের জন্য মাঠে নামলেও এখন পর্যন্ত জেমি ডের শিষ্যরা তেমন আশাজাগানিয়া খেলা উপহার দিতে পারেননি।
এদিন ম্যাচের ১১ মিনিটে বিপিনের ক্রস থেকে হেডে বাংলাদেশের জালে বল জড়ানোর চেষ্টা করেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। তবে তার হেডার প্রতিহত হয়। ২০ মিনিটের মাথায় উদান্তার দিশাহীন শট মাঠের বাইরে চলে যায়।
২৯ মিনিটে বাংলাদেশের বক্সে বল পেয়ে যান ছেত্রী। তবে তিনি হ্যান্ড বল করায় গোলের সুযোগ নষ্ট হয়। ৩২ মিনিটে মনবীরের হেডার প্রতিহত হয় বাংলাদেশের গোলমুখে। ৩৪ মিনিটে প্রায় গোল হজম করে বসেছিল বাংলাদেশ। চিংগ্লেনসানার হেডার গোললাইন থেকে বাঁচিয়ে দেন বাংলাদেশ ডিফেন্ডার।
প্রথমার্ধেই একটি পরিবর্তন এনেছেন জেমি ডে। ৩৫ মিনিটে মুসাক মিয়া জনিকে তুলে ইব্রাহিমকে মাঠে নামান বাংলাদেশের ইংলিশ কোচ।
দুই দলের কেউই এখনো বাছাই পর্বে কোনো ম্যাচ জেতেনি। ‘ই’ গ্রুপে ছয় ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ভারত গ্রুপের চতুর্থ স্থানে। তলানিতে থাকা বাংলাদেশের সমান ম্যাচে প্রাপ্তি দুই পয়েন্ট। এ ম্যাচে দুই দলই নেমেছে পূর্ণ পয়েন্টের জন্য।
গত বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে ১-১ ড্র করে বাংলাদেশ। একই দিনে বিশ্বকাপের স্বাগতিক কাতারের কাছে ১-০ গোলে হারে ভারত। বাছাই পর্বে বাংলাদেশ প্রথম পয়েন্ট পেয়েছিল এই ভারতের বিপক্ষেই। প্রথম লেগে সল্ট লেকে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ ড্র হয়।
বিশ্বকাপ বাছাইয়ের পরের পর্বে খেলার কোনো সম্ভাবনাই নেই দুই দলের। তবে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় পর্বে সরাসরি খেলার জন্য জয়ের বিকল্প নেই দু’দলের সামনে।
বাংলাদেশের প্রথম একাদশ
আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), তপু বর্মণ, রিয়াদুল হাসান, রহমত মিয়া, তারিক কাজী, জামাল ভূঁইয়া (অধিনায়ক), মানিক হোসেন, মাসুক মিয়া, রাকিব হোসেন, বিপলু আহমেদ ও মতিন মিয়া।
ভারতের প্রথম একাদশ
গুরপ্রীত সিং সান্ধু (গোলরক্ষক), চিংগ্লেনসানা সিং, ব্রেন্ডন ফার্নান্ডেজ, সন্দেশ ঝিঙ্গান, শুভাশিস বোস, সুরেশ সিং, গ্লেন মার্টিন্স, বিপিন সিং, সুনীল ছেত্রি (অধিনায়ক), মনবীর সিং ও উদান্তা সিং।
