প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়

৮৮ দিনের ছুটি নিয়ে আড়াই বছর অনুপস্থিত

আপডেট : ০৭ জুন ২০২১, ১০:৩৬ পিএম

আটাশি দিনের ছুটি নিয়ে স্বামীর সঙ্গে দেখা করতে কানাডায় পাড়ি জমান রাজধানীর সরকারি বাংলা কলেজের প্রভাষক আফরিনা হাশেম। তবে তার ছুটির আবেদনে দেশের বাইরে যাওয়ার কথা উল্লেখ ছিল না। এরমধ্যে আড়াই বছর পার হলেও তিনি কর্মস্থলে দেননি। এ ঘটনায় ওই প্রভাষকের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার প্রভাষক আফরিনা হাশেমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। নোটিশে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগ আনা হয়েছে।

এতে বলা হয়েছে, ২০১৮ সালের ১৫ মের অফিস আদেশে স্বামীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশে ২০১৮ সালের ১ জুন থেকে ওই বছরের ২৭ আগস্ট মোট ৮৮ দিনের ছুটি নেন আফরিনা হাশেম। ছুটি নিয়ে তিনি কানাডা যান। ছুটি শেষে ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর কর্মস্থলে যোগদানের বাধ্যবাধকতা থাকলেও সোমবার পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত থাকেন।

নোটিশে জানানো হয়, দ্বায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে এ কার্যকলাপ সরকারি চাকরির শৃঙ্খলা ও আচরণবিধি পরিপন্থী এবং ২০১৮ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার বিধি ৩ (খ) ও ৩ (গ) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগে ওই শিক্ষককে অভিযুক্ত করা হয়েছে। এই অভিযোগে কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তা আগামী ১০ কার্যদিসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

আত্মপক্ষ সমর্থনে কোনো ব্যক্তিগত শুনানি ওই শিক্ষক চান কিনা তাও জানাতে বলা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত