রাজধানীর দক্ষিণখানের গাওয়াইর বাজারে দুই কোটি টাকা মূল্যের সোয়া চার কাঠা জমি দখলের পাঁয়তারা করছে স্থানীয় একটি চক্র। তারা কৌশলে মসজিদের নাম ব্যবহার করে ফায়দা লুটার চেষ্টা চালাচ্ছে বলে জমির মালিকের অভিযোগ।
প্রতিবাদ করায় তাকে দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। বাড়ির সামনে নিয়মিত মহড়া দিচ্ছে সন্ত্রাসীরা।
এ ঘটনায় নিরাপত্তা চেয়ে জমির মালিক বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মঙ্গলবার জমির মালিক মোসা. মাহিনুর আক্তার বলেন, ‘চলতি বছরের ১৯ মার্চ দুপুরে হঠাৎ করে রফিকুল ইসলাম ওরফে দলা ও তার লোকজন এসে আমাদের বসতভিটা দখলের চেষ্টা করে। আমরা বাধা দিলে প্রাণনাশের হুমকি দেয় তারা। একপর্যায়ে বাধা পেয়ে তারা পালিয়ে যায়।’
মাহিনুর বলেন, ‘পরে তারা কৌশলে এলাকায় রটিয়ে দেয় দখলের চেষ্টা করা জায়গাটি বাড়ির পার্শ্ববর্তী বাইতুল মামুর জামে মসজিদের। আর এই কাজে দলা গ্রুপ মসজিদ কমিটির সভাপতি মোখলেস উদ্দিন, সেক্রেটারি মিয়াজ উদ্দিনসহ অন্যরা সহায়তা করছেন।’
তিনি আরও বলেন, ‘জায়গাটি মালিক আমরা তিন বোন। আমাদের কোনো ভাই নেই। আর এই সুযোগে দখলবাজরা জমিটি গ্রাস করার চেষ্টা করছে। তাছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগের এক নেতাও তাদের ইন্ধন দিচ্ছেন।’
ভুক্তভোগী বলেন, প্রাণনাশের হুমকি পাওয়ার পর দক্ষিণখান থানায় একটি জিডি করা হয়েছে। জিডি প্রত্যাহার করতে সন্ত্রাসীরা বাসার সামনে প্রতিনিয়তই মহড়া দিচ্ছে। সন্ত্রাসীদের ভয়ে পরিবারের সদস্যদের নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই পক্ষকে পুলিশ ডেকেছিল। যারা দখল করতে চেয়েছিল, তাদের কাগজপত্র দেখতে চেয়েছিল পুলিশ। কিন্তু তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তারা এক সপ্তাহ সময় নিয়েছিল।
মাহিনুর বলেন, এখন তারা পুলিশকে কাগজপত্র দেখাতে টালবাহানা করছে। তাদের ত্রাসের রাজত্বের বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও ডিএমপি কমিশনারকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।
জানতে চাইলে দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম-উর রশীদ জানান, বিষয়টি সমাধান করার চেষ্টা চলছে। দুই পক্ষকে থানায় ডাকা হয়েছিল। আবারও তাদের ডাকা হবে।
