বাংলাদেশ-অস্ট্রিয়া বিমান চলাচল চুক্তি সই

আপডেট : ০৮ জুন ২০২১, ০৯:৫১ পিএম

বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে বিমান চলাচলের লক্ষ্যে একটি চুক্তি (এয়ার সার্ভিস অ্যাগ্রিমেন্ট-এএসএ) স্বাক্ষরিত হয়েছে।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সোমবার অনাড়ম্বর এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। খবর: বাসস।

অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত এবং অস্ট্রিয়ার ইউরোপ ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত এন্ড্রিস রিকেন নিজ নিজ দেশের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।

মঙ্গলবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এয়ার সার্ভিস চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে শুধু বেসামরিক বিমান পরিবহন ব্যবসার উন্নতি হবে তা নয়, বরং এতে উভয় দেশের ব্যবসা-বাণিজ্য সমৃদ্ধ হবে ও দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে।

এ ছাড়াও এ চুক্তি ভিয়েনাকে স্ক্যান্ডিনেভিয়ানসহ মধ্য, পূর্ব ও উত্তর ইউরোপের দেশগুলোর ‘আঞ্চলিক হাবে’ পরিণত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, এ চুক্তির ফলে বাংলাদেশ ও ভিয়েনার মধ্যে যাত্রীবাহী ও পণ্যবাহী কার্গো বিমান চলাচলের প্রক্রিয়া অচিরেই শুরু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত