করোনা পরীক্ষা বাড়াতে বুথের পাশে টিসিবির পণ্য বিক্রি

আপডেট : ০৯ জুন ২০২১, ১০:৫৫ পিএম

রাজশাহীতে করোনা সংক্রমণের মাঠের চিত্র জানতে গত সোমবার নগরীর বিভিন্ন স্থানে শুরু হয়েছে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট। নগরীর ১৮টি স্থানে এ টেস্ট করা হচ্ছে। তবে টেস্ট বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। টিসিবির পণ্য কিনতে হলে করাতে হবে কারোনা পরীক্ষা। এজন্য করোনা টেস্ট বুথের পাশেই টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে।

সিভিল সার্জন কার্যালয় ও সিটি করপোরেশন কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী নগরের ১৮টি স্থানে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা চলছে। জেলা প্রশাসনের উদ্যোগে এ পরীক্ষা করা হচ্ছে। এতে সহায়তা দিচ্ছে সিটি করপোরেশন ও সিভিল সার্জন অফিস। করোনা পরীক্ষায় মানুষের সাড়া কিছুটা কম। এ কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা পরীক্ষার বুথের পাশে টিসিবির পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে সবাই করোনা পরীক্ষা করে টিসিবির পণ্য নেবে। রাজশাহী জেলায় ২২টি স্থানে বিক্রি হচ্ছে টিসিবির পণ্য। এর মধ্যে নগরীতে বিক্রি হচ্ছে আটটি স্থানে।

রাজশাহী নগরীর বেশ কয়েকটি স্থান ঘুরে দেখা গেছে, বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের (টিসিবি) পণ্য বিক্রির সবকটি স্থানের পাশে রয়েছে করোনা পরীক্ষার বুথ। সেখানে মাইকিং করে টেস্টের বিষয়ে বলছেন পুলিশ সদস্যরা। টেস্ট করলেই কেনা যাচ্ছে টিসিবির পণ্য। গত সোমবার থেকে টিসিবির পণ্য কেনার সঙ্গে করোনা টেস্ট করানোর বিষয়টি যুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।

রাজশাহী নগরের দড়িখরবোনা এলাকার সেলিনা আক্তার (৪৫) শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর এলাকার টিসিবির গাড়ি থেকে পণ্য কিনতে এসেছিলেন। তাকে প্রথমে করোনা পরীক্ষা করতে বলা হয়। পাশেই একটি বুথে লাইনে দাঁড়িয়ে করোনা পরীক্ষা করার পরই সেলিনা টিসিবির পণ্য পান।

সাহেববাজার এলাকায় টিসিবির পণ্য কিনতে যান সাব্বির হোসেন। তিনি বলেন, আমি স্বাভাবিক নিয়মে পণ্য কিনতে লাইনে দাঁড়াতে যাই। পরে পুলিশ বলে টেস্ট না করলে টিসিবির পণ্য কিনতে পারব না। ফলে চিন্তা হয় টেস্ট করার তো টাকা নেই। বুথে গিয়ে জানতে পারি টেস্ট করতে টাকা লাগে না। টেস্ট করিয়ে সেখান থেকে টিসিবির পণ্য কিনি।

এদিকে টিসিবির রাজশাহী বিভাগীয় প্রধান রবিউল মোর্শেদ বলেন, রাজশাহীতে করোনার সংক্রমণ বাড়ছে। করোনার পরীক্ষা বাড়ানোর জন্য বুথের কাছে টিসিবির পণ্য বিক্রির নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। মানুষ করোনা পরীক্ষা করেই পণ্য কিনছেন। তিনি বলেন, এর জন্য আমাদের বিক্রিতে কোনো প্রভাব পড়বে না। আমি মনে করি এটি ভালো বিষয়।

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল হক বলেন, টিসিবির পণ্য বিক্রির স্থানের পাশে যাতে একটি বুথ থাকে। পণ্য কেনার আগে মানুষ যেন টেস্ট করে। টেস্ট বাড়ানো ও সবার যাতে টেস্ট করা যায় এজন্যই এটি করা হচ্ছে।

রাজশাহী সিটি করপোরেশনের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল বুধবার নগরীর ১৩টি স্থানে তারা ভ্রাম্যমাণ বুথের মাধ্যমে করোনা পরীক্ষা করেছে। এদিন তারা ৯৭৭ জনের করোনা পরীক্ষা করেছে। এর মধ্যে ১২৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৩ ভাগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত