টাঙ্গাইলের মির্জাপুর পৌর এলাকার কুমুদিনী হাসপাতাল রোডে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। সামান্য বৃষ্টি হলেই পুরাতন বাসস্ট্যান্ড থেকে হাসপাতালে যাওয়ার সড়কে হাঁটু সমান পানি জমে যায়।
গতকাল বুধবারসহ গত কয়েকদিনের বৃষ্টিতে সড়কে পানি জমায় কুমুদিনী হাসপাতালে আসা ও ভর্তি থাকা রোগী এবং তাদের স্বজনদের পাশাপাশি চিকিৎসক, নার্স, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও ভারতেশ্বরী হোমসের ছাত্রীসহ ওই সড়ক দিয়ে চলাচলকারীদের মানুষ ভোগান্তিতে পড়েছেন।
জানা গেছে, উপজেলার দক্ষিণাঞ্চলের ২৫ থেকে ৩০টি গ্রামের মানুষও লৌহজং নদী পার হয়ে কুমুদিনী হাসপাতাল রোড হয়ে উপজেলা সদরে আসা-যাওয়া করে। আধা কিলোমিটারেরও কম দৈর্ঘ্যরে এই সড়কের পাশে ড্রেন না থাকায় সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায়। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টায় কুমুদিনী হাসপাতাল রোডে গিয়ে দেখা যায়, বৃষ্টিতে ভিজে মানুষ পানি মাড়িয়ে চলাচল করছে।
পুষ্টকামুরী গ্রামের বাসিন্দা রিকশাচালক হানিফ মিয়া বলেন, একদিন একটু বৃষ্টি হলে হাঁটুপানিতে রিকশা নিয়ে যেতে খুব কষ্ট হয়। মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল বলেন, সড়কটির একপাশে ড্রেন নির্মাণের জন্য প্রকল্প দেওয়া হয়েছে। তা অনুমোদন হলেই ড্রেন নির্মাণের কাজ শুরু হবে।
