৭৪তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক বিভাগ মার্শে দ্যু ফিল্ম বা ফিল্ম মার্কেটে অংশগ্রহণ করছে নুহাশ হুমায়ূনের প্রথম চলচ্চিত্র ‘মুভিং বাংলাদেশ’। গতকাল বুধবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে খবরটি জানান তরুণ এই নির্মাতা।
এর আগে শর্টফিল্ম, নাটক, ওয়েব কনটেন্ট, বিজ্ঞাপন ও মিউজিক ভিডিও নির্মাণ করলেও ‘মুভিং বাংলাদেশ’ নুহাশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রযোজনা করছেন ‘মাটির প্রজার দেশে’খ্যাত আরিফুর রহমান ও বিজন ইমতিয়াজ। সঙ্গে আছেন ফ্রান্স ও তাইওয়ানের দুজন প্রযোজক।
এর আগে সিনেমাটি ভারতের ফিল্ম বাজারে নির্বাচিত হয়। প্রতিষ্ঠানটির উদ্যোগে কানের মার্শে দ্যু ফিল্ম বিভাগে ‘মুভিং বাংলাদেশ’ যুক্ত হওয়ায় ধন্যবাদ জানান নুহাশ।
‘মার্শে দ্যু ফিল্ম’ মূলত সিনেমা কেনাবেচার কার্যক্রম। বিভিন্ন দেশের চলচ্চিত্রশিল্প ও পেশাদার চলচ্চিত্রকর্মীদের সহযোগিতা করাই স্বতন্ত্র এই মার্কেটের লক্ষ্য। এখানে প্রযোজক, পরিবেশক, সম্পাদক ও চলচ্চিত্র বিশেষজ্ঞরা অংশ নেন।
দেশে রাইড শেয়ারিং অ্যাপের যাত্রা হওয়ার গল্প নিয়ে হচ্ছে ‘মুভিং বাংলাদেশ’। কীভাবে একদল তরুণ ঢাকার যানজটে অতিষ্ঠ হয়ে নিজেরাই একটি উপায় বের করে ফেলল, সে গল্পই দেখানো হবে এই সিনেমায়।
এদিকে এবারের কান উৎসবে বাংলাদেশি একটি সিনেমা পেয়েছে সবচেয়ে বড় স্বীকৃতি। অফিশিয়াল সিলেকশন বিভাগে স্থান পেয়েছে আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি।
