৪ ছক্কা মেরেও হাসতে পারলেন না রাব্বি

আপডেট : ১১ জুন ২০২১, ০১:১৭ এএম

টি-টোয়েন্টি ক্রিকেট এটাই। প্রাইম ব্যাংকের দেওয়া ১৫২ রানের টার্গেট ছুঁতে শেষ ওভারে প্রাইম দোলেশ্বরের চাই ৩১ রান। আপাত দৃষ্টিতে ম্যাচ থেকে দোলেশ্বর ছিটকে গেছে মনে হচ্ছিল। কিন্তু অনিশ্চয়তার খেলা ক্রিকেটে তো যেকোনো কিছুই হতে পারে। কুড়ি-বিশের ফরম্যাটে তো আরও বেশি। দোলেশ্বরের কামরুল ইসলাম রাব্বি তাই করলেন। রুবেল হোসেনের ওভারে ৪ ছক্কায় প্রথম ৫ বলে তুলে নিলেন ২৬ রান। শেষ বলে ছক্কা দরকার হলেও মারতে পারেননি রাব্বি। নিতে পারেন ১। মাত্র ৩ রানের আক্ষেপে পুড়তে হলো। দোলেশ্বরকে প্রথম হারের তিক্ত স্বাদ দিয়ে তামিম ইকবালদের প্রাইম ব্যাংক গতকাল দুপুরে উঠে গিয়েছিল শীর্ষে। কিন্তু চলতি লিগে সর্বোচ্চ ১৮৩ রান করে শাইনপুকুরকে ২৫ রানে হারানো আবাহনী বিকেলে নেট রানরেটে উঠে যায় শীর্ষে। অন্যদিকে ১১৩ রান করা মোহামেডানকে তৃতীয় হারের হতাশায় ডুবিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। এই পারফরম্যান্স নিয়ে বিকেএসপির ৪ নম্বর মাঠেই আবাহনীর মুখোমুখি হচ্ছে মোহামেডান।

বিকেএসপির ৩ নম্বর মাঠে দোলেশ্বরের বিপক্ষে প্রাইম ব্যাংকের শুরুটা ছিল হতাশার। আগের ম্যাচে পঞ্চাশোর্ধ্ব জুটি গড়া তামিম ইকবাল ও রনি তালুকদার মাত্র ১৯ রানেই ফেরেন। মোহাম্মদ মিঠুনের ব্যাটে এই ধাক্কা সামলে ওঠে দল। তিন ম্যাচে দ্বিতীয় হাফসেঞ্চুরি করেন মিঠুন। ৫০ বলে ৫৫ রানে তার আউটের পর অলক কাপালি ১৪ বলে ২৬ ও নাহিদুল ১৮ বলে ২০ করে দলকে ৭ উইকেটে ১৫১ রানে পৌঁছে দেন। জবাবে ব্যাটিং ব্যর্থতায় পড়ে দোলেশ্বর ১৮.৩ ওভারে ১১৮ রানে ৯ উইকেট হারায়। শেষ ওভারে রাব্বি একা চেষ্টা করে অল্পের জন্য পাশার দান ওল্টাতে পারেননি।

সর্বোচ্চ সংগ্রহে জয় আবাহনীর

আসরের সেরা দলের মতোই সেরা খেলাটা দিয়ে গতকাল ম্যাচ জিতল আবাহনী। শাইনপুকুরের বিপক্ষে তাদের ৫ উইকেটে ১৮৩ রান আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ। নাঈম শেখ ও আফিফ হোসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে সেটা ওপেনিং জুটিতেও তুলেছেন তারা। নাঈম ৫০ বলে ৪ ছক্কা ও ৪ চারে ৭০ করেন। আফিফ ৪২ বলে ৪ ছক্কা ও ৩ চারে করেন ৫৪। দুজনের ১২ ওভারে ১১১ রানের উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহ গড়তে বেগ পেতে হয়নি আবাহনীকে। রান ভালো থাকায় এদিন ব্যাটিংয়েই নামেননি মুশফিকুর রহিম। আগেও দুবার তিন উইকেট নেওয়া শাইনপুকুরের বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম এবার ২৩ রানে নিয়েছেন ৪টি। জবাবে রান তাড়া করে জয়ের মতো ছুটতে পারেনি শাইনপুকুর। বৃষ্টিতে খেলা বন্ধের সময় ১৮ বলে ৬১ রান দরকার ছিল তাদের।

সাকিব আবার শূন্য : টানা তিন জয়ের পর পথ হারিয়ে ফেলেছে মোহামেডান। গতকাল ব্যাটিং ব্যর্থতায় টানা তিন ম্যাচ হেরে সুপার সিক্সে ওঠার লড়াই কঠিন করে ফেলল তারা। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া মোহামেডানের শুরুর ৫ ব্যাটসম্যানের তিনজনই ফিরেছেন শূন্য হাতে। ৬ ম্যাচে এ নিয়ে দ্বিতীয়বার শূন্য রানে ফেরেন। ১০ ওভারের মধ্যেই ২৭/৬-এ পরিণত হয় মোহামেডান। শুভাগত হোম ৩২ বলে ৫২ করে বড় লজ্জা থেকে বাঁচান দলকে। সহজ সংগ্রহ সহজেই তাড়া করে রূপগঞ্জ। আসরে প্রথম ম্যাচ খেলতে নামা পিনাক ঘোষ ৫১ বলে ৫১ রান করে অপরাজিত ছিলেন। এ ছাড়া মেহেদী মারুফ ৪১ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত