বাংলাদেশ সীমান্তের কাছাকাছি ভারতীয় অঞ্চল থেকে ৩৬ বছর বয়সী এক চীনা নাগরিককে আটক করেছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
এনডিটিভির খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে সন্দেমূলক কর্মকাণ্ডের জন্য তাকে আটক করা হয়।
ভারতীয় কর্মকর্তারা বলছেন, অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এসময় তাকে থামতে বলা হলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে ধরা হয়।
জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তি জানিয়েছেন, তার নাম হ্যান জুনওয়ে। ব্যবসায়ী ভিসায় ২ জুন তিনি বাংলাদেশে আসেন। এক বন্ধুর সঙ্গে কিছুদিন কাটিয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দিকে যান।
ওই ব্যক্তির দাবি, তিনি এর আগে চারবার ভারতে গেছেন। গুরুগাও এলাকায় তার একটি হোটেল আছে। সেখানে কয়েক জন ভারতীয় কাজ করেন।
অভিযুক্ত চীনা নাগরিকের দাবি, কিছু দিন আগে ভারতে তার ব্যবসায়িক পার্টনার গ্রেপ্তার হয়েছেন। তিনিও চীনের নাগরিক। ভারতী ভিসার কারণে তিনি বিপদে পড়েন। পরে হ্যান নামের এই ব্যক্তি বাংলাদেশি ভিসা জোগাড় করেন।
তার কাছে চীনের পাসপোর্ট, ল্যাপটপ, বাংলাদেশি ভিসা, বাংলাদেশি সিমকার্ড, ভারতীয় সিমকার্ড পাওয়া গেছে।
তবে বিএসএফ বলছে, হ্যান জুনওয়ে একজন পলাতক অপরাধী। তার বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে।
