মাদারীপুরের শিবচরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মো. ফরহাদ শেখ (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় মাসুদ ফকির (৩২) নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন।
রবিবার দুপুর দেড়টার দিকে শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের সিপাহি কান্দি গ্রামের মো. মানিক মুন্সির বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ফরহাদ শেখ উপজেলার দক্ষিণ চর তাজপুর সিপাহি কান্দি গ্রামের তারা মিয়া শেখের ছেলে।
আহত মাসুদ ফকির একই উপজেলার সরদার মাহমুদের চর এলাকার মৃত রফিক শেখের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে ফরহাদ ও মাসুদ মো. মানিক মুন্সির বসতবাড়িতে বাথরুমের সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য ট্যাংকের মধ্যে নামে। এ সময় ট্যাংকের গ্যাসে উভয়ে অসুস্থ হয়ে ডাক-চিৎকার করতে থাকে।
তাদের চিৎকার শুনে বাড়ি মালিক মো. মানিক মুন্সিসহ আশপাশের লোকজন দ্রুত তাদেরকে ট্যাংক থেকে উপরে ওঠালে ঘটনাস্থলে মো. ফরহাদ শেখ মৃত্যুবরণ করেন।
এ সময় আহত মাসুদকে উপস্থিত লোকজন চিকিৎসার জন্য ফরিদপুর ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য মাসুদ ফকিরকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
