শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতিতে চূড়ান্ত পরীক্ষা নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কর্র্তৃপক্ষ। গতকাল রবিবার সকাল ১০টা থেকে দুই শিফটে মোট আটটি বিভাগের ১১টি সেমিস্টারের পরীক্ষা নেওয়া হয়।
এদিন স্বাস্থ্যবিধি মেনে লোকপ্রশাসন, ব্যবস্থাপনা, আইন, মার্কেটিং, ফার্মেসি, পরিসংখ্যান, আইসিটি ও অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। এ ছাড়া কয়েকটি বিভাগে মিড টার্ম পরীক্ষাও নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিধি মনিটরিং কমিটির আহ্বায়ক প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাদ উদ্দীন বলেন, ‘মাস্কসহ স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেওয়া হয়েছিল। সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খলভাবে পরীক্ষা দেন শিক্ষার্থীরা।’
করোনা পরিস্থিতিতে গত বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। সংক্রমণ কমে এলে গত ২০ ডিসেম্বর থেকে পরীক্ষা নেওয়া শুরু করে কর্র্তৃপক্ষ। তবে আবার করোনার প্রাদুর্ভাব বেড়ে গেলে চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি চলমান সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর গত ৩ জুন অ্যাকাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী গতকাল সশরীরে পরীক্ষা নেওয়া হলো।
