পুলিশকে ‘ধন্যবাদ দিতে’ ডিবি কার্যালয়ে যান পরী মণি

আপডেট : ১৫ জুন ২০২১, ০৭:১৪ পিএম

পুলিশকে ধন্যবাদ দিতে চিত্রনায়িকা পরী মণি ডিবি কার্যালয়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন অতিরিক্ত উপ-মহাপরিদর্শক হারুন অর রশীদ। সোমবার ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এর আগে মঙ্গলবার সোয়া তিনটার দিকে বনানীর বাসা থেকে ডিবি কার্যালয়ের উদ্দেশে রওনা হন এ নায়িকা।

গুলশান বিভাগের পুলিশের উপকমিশনার মশিউর রহমান তখন জানান, মামলার বিষয়ে জানতে চাওয়ার জন্য পরী মণিকে ডাকা হয়েছে।

এরপর সোয়া ৬টার দিকে ডিবি কার্যালয় থেকে বের হন পরী মণি। তিনি সাংবাদিকদের সঙ্গে প্রথমে কথা বলেন। পরে হারুন অর রশীদ সাংবাদিকদের জানান, পরী মণি ধন্যবাদ জানাতে ডিবি কার্যালয়ে এসেছিলেন।

তিনি বলেন, ‘মামলার ১২ ঘণ্টার মধ্যে আমরা আসামিদের গ্রেপ্তার করেছি। পরী মণি আপনাদের বলেছেন যে পুলিশ ম্যাজিকের মতো কাজ করেছে। তিনি এটাও বলেছেন যে আমি ইন্সপেক্টর জেনারেল পুলিশের (আইজিপি) কাছে যাওয়ার চেষ্টা করেছিলাম, তিনি চলচ্চিত্র শিল্পীদের কাছে আমি আবেদনও করেছিলাম, কিন্তু আমি যেতে পারি নাই’।

এ পুলিশ কর্মকর্তা আরো বলেন, তারপরও আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ স্যার কথাটা জানার সঙ্গে সঙ্গে আমাদের ইনফরম করেছেন, আমরা তাৎক্ষণিক অভিযানে তাদের গ্রেপ্তার করেছি।

বনানী থানায় ওই রাতে পরী মণির যাওয়া বিষয়ে হারুন অর রশীদ বলেন, ‘ওই রাতে পরী মণি বনানী থানায় গিয়েছিলেন রাত ৪টায়। তখন ওসি সাহেব সেখানে ছিলেন না। উনি (পরী মণি) এ কথাটা বলেছেন। উনি অস্বস্তি বোধ করেছেন কেন, যে বিষয়টা মেনে নিতে পারে নাই বোট ক্লাবে যা হয়েছে, অসুস্থ ছিলেন এবং উনি সেখান থেকে (বনানী থানা) পুলিশকে নিয়ে হাসপাতালে চলে গিয়েছেন। তারপরে উনি যে চেষ্টা করেছেন পুলিশের সঙ্গে যোগযোগ করা বা আইজিপি স্যারের সঙ্গে যোগযোগ করার, সেটা শিল্প সমিতি-প্রযোজক সমিতি সে সুযোগটা করে দেয় নাই, এ অভিযোগটা ওনার ছিল। আমরা আজকে দেখেন এখন, পুলিশকে ধন্যবাদ দেওয়ার জন্য যে আমরা ম্যাজিকের মতো কাজটা করেছি, উনি ওনার বাসা থেকে আমাদের অফিসে চলে এসেছেন। উনি এসে আমাদের ধন্যবাদ দিয়েছেন আমরা তার সঙ্গে মামলার যাবতীয় বিষয় নিয়ে কথা বলেছি’।

রবিবার নিজের ফেইসবুক পেজের এক স্ট্যাটাসে পরী মণি ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ আনেন। সেখানে তিনি লেখেন, ‘আমি পরী মণি। এই দেশের একজন বাধ্যগত নাগরিক। আমার পেশা চলচ্চিত্র। আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই’।

‘এই বিচার কই চাইবো আমি? কোথায় চাইবো? কে করবে সঠিক বিচার ? আমি খুঁজে পাইনি গত চার দিন ধরে। থানা থেকে শুরু করে আমাদের চলচ্চিত্র বন্ধু বেনজির আহমেদ আইজিপি স্যার! আমি কাউকে পাই না মা। যাদেরকে পেয়েছি সবাই শুধু ঘটনা বিস্তারিত জেনে, দেখছি বলে চুপ হয়ে যায়!’

এ বিষয়ে সেদিন রাতেই নিজ বাসায় সংবাদ সম্মেলনে পরী মণি চার দিন আগে উত্তরা বোট ক্লাবে নাসির ইউ মাহমুদ নামে এক ব্যক্তি তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা চালান বলে জানান।

সেদিন তিনি আরো বলেন, ‘গত চার দিন ধরে আমি সাধারণ মেয়ে হিসেবে দ্বারে দ্বারে বিচার চেয়েছি কিন্তু পাইনি। আজ তাই সংবাদ সম্মেলন  ডেকেছি। আমি আজ বুঝতে পারছি, সাধারণ মেয়েদের অবস্থা কী হয়।’

এরপর সোমবার নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ কয়েকজনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা করেন পরী মণি। সেদিনই পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত