সরকারি আইন কর্মকর্তা নিয়োগ

রিট আবেদনের শুনানিতে বিব্রত হাইকোর্ট

আপডেট : ১৬ জুন ২০২১, ০১:২৯ এএম

সুপ্রিম কোর্টে মামলা পরিচালনার জন্য দুজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও একজন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগ নিয়ে জারি করা রুলের শুনানি শুনতে বিব্রতবোধ করেছে হাইকোর্ট। গতকাল মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের ভার্চুয়াল বেঞ্চ শুনানিতে বিব্রতবোধ করে। সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, বিধান অনুযায়ী বিষয়টি এখন প্রধান বিচারপতির কাছে যাবে এবং তিনি শুনানির জন্য নতুন একটি বেঞ্চ নির্ধারণ করবেন।

সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য ২০১৯ সালের ৭ জুলাই ১৭৫ জন এএজি ও একই বছরের ২১ জুলাই ৭০ জন ডিএজি নিয়োগের গেজেট জারি হয়। এ নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ৮ সেপ্টেম্বর হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। আবেদনের যুক্তিতে (গ্রাউন্ড) তিনি বলেন, বিধান অনুয়ায়ী নির্ধারিত পেশাগত অভিজ্ঞতার শর্ত পূরণ না করে অনেককে ডিএজি ও এএজি নিয়োগ দেওয়ায় এ আবেদনটি করা হয়েছে।

অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ২০১৯ সালের ১২ নভেম্বর দুজন ডিএজি ও একজন এএজি কোন কর্র্তৃত্ব বলে স্বপদে পদে আছেন তা জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট। এছাড়া আরও ছয় এএজির বিষয়ে যাচাই করে প্রতিবেদন দিতে বার কাউন্সিল সচিবকে নির্দেশ দেয় হাইকোর্ট। তবে সংশ্লিষ্টরা রুলের জবাব দেয়নি এবং বার কাউন্সিলও এই দীর্ঘ সময়ে কোনো প্রতিবেদন দাখিল করেনি।

আইনজীবী বলেন, ‘বিষয়টি কার্যতালিকায় এলে আজ (গতকাল) আদেশের জন্য ছিল। কিছুক্ষণ শুনানি শেষে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক জানান, আবেদনে যাদের বিরুদ্ধে আপত্তি তারা একসময় বেঞ্চের কনিষ্ঠ বিচারকের সহকর্মী ছিলেন। যে কারণে তারা শুনানি গ্রহণ করতে বিব্রতবোধ করেন।’ এখন বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে এবং তিনি নতুন একটি বেঞ্চে শুনানির জন্য এটি পাঠাবেন যোগ করেন অ্যাডভোকেট ফরহাদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত