ময়মনসিংহে পুলিশ-ছাত্রদল ব্যাপক সংঘর্ষ, গুলি: আহত ৩০

আপডেট : ১৭ জুন ২০২১, ০৬:৪৯ পিএম

ময়মনসিংহের শহরতলী এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ছাত্রদলের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ, গুলিবর্ষণ ও ব্যাপক লাঠিচার্জের ঘটনা ঘটে। এতে পুলিশসহ আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন ।

image

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ নগরীর চরকালী বাড়ী দাখিল মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত ফারুক হোসেন, ওসি অপারেশন ওয়াজেদ আলীসহ দশ পুলিশ সদস্য এবং ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রশিদ, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, যুগ্ম সম্পাদক মাজেদুর রহমান রুমন, বিভাগীয় সহ-সাংগাঠনিক সম্পাদক নাইমুল করিম লুইন, মহানগর সাধারণ সম্পাদক তানভীর আহমদ রবিন, দক্ষণন জেলা সাধারণ সম্পাদক আবু রায়হান দাউদ, উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদসহ ২০ ছাত্রদল নেতাকর্মী রয়েছেন।

image

ছাত্রদল উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ বলেন, ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ এবং বাকৃবি ছাত্রদলের উদ্যেগে দক্ষিণ চরকালিবাড়ির একটি মাঠে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভায় বিনাউসকানিতে পুলিশ হামলা করে সভা পণ্ড করে দেয় এবং নেতাকর্মীরা আহত হন।

কোতায়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, সরকারি বিধি-নিষেধ অমান্য করে ছাত্রদল সমাবেশ করছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করলে কয়েকজন সদস্য আহত হয়।

তিনি বলেন, এ সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ২০টি মোটরসাইকেল জব্দ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত