ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে ঢাকাই মসলিন, রংপুরের শতরঞ্জি, রাজশাহীর সিল্ক, বিজয়পুরের সাদামাটি, দিনাজপুরের কাটারিভোগ ও কালিজিরা চাল সনদ পেয়েছে।
গতকাল বৃহস্পতিবার শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পণ্যসংশ্লিষ্টদের হাতে এ সনদ তুলে দেন। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) আয়োজিত ‘জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে মেধাসম্পদ’ শীর্ষক সেমিনার এবং ‘বিশ্ব মেধাসম্পদ দিবস-২০২১’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সনদ দেওয়া হয়।
এ সময় ঢাকাই মসলিনের জন্য বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. শাহ আলম, রংপুরের শতরঞ্জির জন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মোশতাক হাসান, রাজশাহী সিল্কের জন্য বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আবদুল হাকিম, বিজয়পুরের সাদামাটির জন্য নেত্রকোনা জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান এবং দিনাজপুরের কাটারিভোগ ও কালিজিরা চালের জন্য বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউশনের (ব্রি) মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীরের হাতে সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। সভাপতিত্ব করেন শিল্প সচিব জাকিয়া সুলতানা।
এদিকে, একই অনুষ্ঠানে ‘পেটেন্টের’ জন্য বিজয় ডিজিটালের মোস্তাফা জব্বার ও হিসাব লিমিটেডকে সনদ দেওয়া হয়। এ ছাড়া ‘ডিজাইনের’ জন্য বিডি ফুড লিমিটেড, জিহান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ও আমান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজকে সনদ দেওয়া হয়। এ ছাড়া ‘ট্রেডমার্কস’ হিসেবে প্রাণ-আরএফএল গ্রুপ, মোহনা টেলিভিশন, একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল বিডি এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসকে সনদ দেওয়া হয়।
