জয়দেবপুর-কমলাপুর বিশেষ ট্রেন চালু হচ্ছে রবিবার থেকে

আপডেট : ১৭ জুন ২০২১, ১১:০১ পিএম

উত্তরাঞ্চলসহ ৩৭টি জেলার যাত্রীদের ঢাকা প্রবেশের পথ চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে যানজট লেগেই থাকছে। এ অংশে বিআরটি প্রকল্পের উন্নয়নকাজ চলমান, ফলে আধা ঘণ্টার পথ পাড়ি দিতে সময় লাগছে ৫-৬ ঘণ্টা। এ অবস্থায় দুর্ভোগ কমাতে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন থেকে ঢাকার কমলাপুর স্টেশন পর্যন্ত বিশেষ ট্রেন সার্ভিস চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী রবিবার থেকে এ বিশেষ ট্রেন চলাচল করবে। গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘গাজীপুর চৌরাস্তা থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তাটিকে যানজটমুক্ত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিআরটি প্রজেক্ট আমাদের উপহার হিসেবে দিয়েছেন কিন্তু ঠিকাদারদের ক্রমাগত দায়িত্বজ্ঞানহীনতার কারণে অনেক বছর ধরে ধীরগতিতে কাজ করায় মানুষের দুর্ভোগের কোনো সীমা নেই, আবার যখন বর্ষাকাল আসে এ দুর্ভোগ কয়েকগুণ বৃদ্ধি পায়।’

তিনি আরও বলেন, ‘বিআরটি প্রজেক্টে দায়িত্ব পালনরত সচিব, পিডিসহ সবাইকে প্রায় প্রতিদিনই কয়েকবার করে ফোন করছি যাতে টঙ্গী-গাজীপুরবাসীসহ এ সড়ক দিয়ে যাতায়াতকারীদের দুর্ভোগ কমে। সিটি করপোরেশন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসনসহ সবাই আন্তরিকভাবে চেষ্টা করছেন। বুধবার রাতে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে আগামী রবিবার থেকে গাজীপুর থেকে টঙ্গী হয়ে ঢাকা এবং ঢাকা থেকে টঙ্গী হয়ে গাজীপুর পর্যন্ত বিশেষ ট্রেন সার্ভিস চালু করার উদ্যোগ গ্রহণ করেছি।’

তিনি রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, ‘জনগণের দুর্ভোগ লাগবে আমার পক্ষ থেকে ভবিষ্যতেও সব ধরনের উন্নয়ন প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

অন্যদিকে গাজীপুরের মানুষের দুর্ভোগের বিষয়টি চিন্তা করে গাজীপুর থেকে টঙ্গী পর্যন্ত একটি বিকল্প সড়ক নির্মাণ করে যাচ্ছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম। গাজীপুর সিটি করপোরেশনের নিমতলী ব্রিজ হতে টঙ্গীর বনমালা রেলগেট পর্যন্ত একটি সড়কটির কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। পবিত্র ঈদুল আজহার আগেই সড়কটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে বলে আশা প্রকাশ করেছেন মেয়র জাহাঙ্গীর আলম। তিনি প্রতিদিন সশরীরে উপস্থিত থেকে এ সড়কটির নির্র্মাণকাজ তদারকি করছেন। এ সড়কটিও চালু হলে যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত