চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার ও মইজ্জ্যারটেক এলাকার মধ্যবর্তী স্থানে যাত্রীবাহী দুটি বাস ও একটি সিএনজির ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত ও আরো অন্তত ২০ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কলেজ বাজার ও মইজ্জ্যারটেক এলাকার মাঝামাঝি অংশে একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে বিআরটিসির বাস ও পটিয়ার একটি লোকাল বাস ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এ সময় নারী, পুরুষ, শিশুসহ অন্তত ২০ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিএনজি অটোরিকশাকে সাইড গিয়ে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির বিআরটিসি বাসটি উল্টোপথে চলে আসে। এতে পটিয়ার আরেকটি যাত্রীবাহী মিনি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে এ মারাত্মক দুর্ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত আমরা তিনজনকে মৃত অবস্থায় পেয়েছি। নিহত তিনজনের মধ্যে একজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের দক্ষিণ মালিয়ারা গ্রামের নুরুল আলমের ছেলে নুরুল আবছার (৪৫)। নিহত বাকি দুজনের নাম-পরিচয় পাওয়া যায়নি এবং আহত অবস্থায় এ পর্যন্ত ১৪ জনকে আনা হয়েছে হাসপাতালে। তাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। আহত কারো নাম-পরিচয় পাওয়া যায়নি।
