মোংলায় বিভিন্ন মসজিদ ও মাজারের দানবাক্স ভেঙে টাকা চুরির অভিযোগে মো. শান্ত (১৭) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার বিকেলে শহরের বিএলএস রোডের পরিত্যক্ত শ্রমিক বিল্ডিং থেকে পুলিশ তাকে আটক করে।
আটক শান্ত পৌরসভার বান্দাঘাটা এলাকার মৃত মো. সেকেন্দারের ছেলে।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, শান্ত দীর্ঘদিন ধরে চাঁদপাই মাজার, মুসলিম পাড়া ও মহাসিনিয়া মাদ্রাসা মসজিদসহ শহরের বেশ কয়েকটি মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি করে আসছিল।
সিসিটিভির ফুটেজের মাধ্যমে এএসআই রাসেল রানা তাকে আটক করে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
পৌর শহরের মুসলিপাড়ার বাসিন্দা জাহাজী ব্যবসায়ী মো. শামসুদ্দীন বলেন, চিহ্নিত এই চোর দীর্ঘদিন বিভিন্ন মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি করছিল। অবশেষে পুলিশ তাকে আটক করেছে। এ জন্য তাদের ধন্যবাদ জানাই।
