দেশের ক্রীড়া সাংবাদিকদের অন্যতম সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির (বিএসজেসি) অন্তর্বর্তীকালীন কমিটি গঠিত হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন দৈনিক কালের কণ্ঠের মাসুদ পারভেজ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দৈনিক খোলা কাগজের বদরুল আলম চৌধুরী।
সংগঠনটির পক্ষে এক বিবৃতিতে জানানো হয়, শনিবার রাজধানীর একটি রেস্টুরেন্টে কমিউনিটির সাধারণ সদস্যদের উপস্থিতিতে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানেই অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কমিটি সংগঠনকে গতিশীল করতে ৬ মাসের মধ্যে এজিএম ও ১ বছরের মধ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করার দায়িত্ব পালন করবে।
জানা যায়, বিএসজেসি’র নির্বাচিত কমিটির মেয়াদ পূর্ণ হওয়ার পর করোনাকালীন সময় সামনে রেখে সংগঠনের বিশেষ সভায় সুষ্ঠু নির্বাচনের জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটিকে তিন মাসের জন্য দায়িত্ব দেওয়া হলেও পাঁচ মাস পেরিয়ে গেছে। কিন্তু অ্যাডহক কমিটি তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হয়।
অ্যাডহক কমিটি নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে ঐকমত্যে পৌঁছাতেও ব্যর্থ হয়। তাই ১৪ জুন সর্বশেষ সভায় সর্বসম্মতিতে অ্যাডহক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
এর পরিপ্রেক্ষিতে কার্যত অভিভাবকহীন এ সংগঠন পরিচালনায় করণীয় ঠিক করতে শনিবার সংগঠনটির সদস্যদের উপস্থিতিতে বিশেষ সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়।
কমিটির অন্যরা হলেন-
সিনিয়র সহসভাপতি: আব্দুল মুকিত রুবেল
সহসভাপতি: জসিম উদ্দিন রানা
যুগ্ম সাধারণ সম্পাদক: জিহাদুর রহমান
সাংগঠনিক সম্পাদক: রাশেদুর রহমান
দপ্তর সম্পাদক: রকিবুল ইসলাম
সদস্য: কামাল হোসেন বাবলু, আল আমিন সবুজ, জাহিদুল ইসলাম। এ ছাড়া সভাপতির ক্ষমতাবলে একজন সদস্য পরবর্তীতে যুক্ত করা হবে মূল কমিটিতে।
